ফিফা বিশ্বকাপ ২০২৬

দুইবার পিছিয়ে পড়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান

ক্রীড়া প্রতিবেদক

আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, রাজনৈতিক উত্তাপ, ভিসা বিতর্ক—বিশ্বকাপে মাঠে নামার আগে ইরান ফুটবল দলকে খেলার বাইরের ইস্যুই সামাল দিতে হলো বেশি। শেষ পর্যন্ত সব সরিয়ে খেলতে এসে লস অ্যাঞ্জেলেসের মাঠে জাতীয় সংগীতের সময় আবেগাক্রান্ত হলেন তারা। স্টেডিয়ামের বাইরে আবার ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদও চলছিল। এসবের ভিড়ে নিউজিল্যান্ডের সঙ্গে দুইবার পিছিয়ে শেষ পর্যন্ত ড্র করেছে এশিয়ার দল।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজাহ জাস্ট। ইরানের হয়ে দুই গোল শোধ দেন রামিন রেজাইআন ও মোহাম্মদ মোহাবী।

র‍্যাঙ্কিংয়ে ৮২ নম্বর নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করায় ২৩ নম্বরে থাকা ইরান নিশ্চিতভাবেই হতাশ। ম্যাচ শেষে ফুটবলাররা শরীরী ভাষাতে সেটা বুঝিয়েও দেন। 

ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। আয়োজক দেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধ পরিস্থিতির অবসানের মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে নামে ইরান। ম্যাচ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়,  খেলা শেষে আবার দলটির মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে মাঠের খেলায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেননি ইরানি ফুটবলাররা।

ম্যাচের শুরুতেই অবশ্য চমক দেখায় নিউজিল্যান্ড। খেলা শুরুর মাত্র ৭ মিনিটেই এলি জাস্টের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওশেনিয়ার প্রতিনিধিরা। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইরান। ৩২ মিনিটে রামিন রেজায়িয়ানের পায়ে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ধাক্কা খায় ইরান। ৫৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন এলি জাস্ট। এই জোড়া গোলের মাধ্যমে ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

তবে নিউজিল্যান্ডের এই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইরান। ১০ মিনিট পরেই (৬৪ মিনিটে) মোহাম্মদ মোহেব্বির নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে ২-২ সমতা ফেরায় এশিয়ান পরাশক্তিরা।

ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়ে। বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের ধার বাড়ায় দুই পক্ষই। খেলা শেষের ঠিক আগে ৮৯ মিনিটে ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত সময়ে ইরানের একটি আক্রমণ নিউজিল্যান্ডের ডিফেন্ডার টমাস কর্নারের বিনিময়ে নসাৎ করলে  জয় হাতছাড়া হয় ইরানের।