তিউনিসিয়াকে গুঁড়িয়ে সুইডেনের দুরন্ত শুরু
তিউনিসিয়ার রক্ষণ তছনছ করে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় সুইডেন। শুরুর ধাক্কার পর ঘুরে দাঁড়িয়ে এক গোল পরিশোধ করেছিল তিউনিসিয়া। তবে বিরতির পর রক্ষণের হাস্যকর ভুলে ফের ব্যবধান বাড়ার পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি তাদের। আরও দুইবার বল জালে ঢোকায় সুইডেন।
মেক্সিকোর মন্তেরেইতে বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচ সুইডেন জিতেছে ৫-১ গোলে। সুইডিশদের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। গোল পান আলেক্সান্দার ইসাক, ভিক্টর গিওকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলদাতা ওমর রেকিক।
ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র ৭ম মিনিটে দলকে এগিয়ে নেন আয়ারি। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ৩০তম মিনিটে গিওকেরেসের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড ইসাক। ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় তিউনিসিয়া। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির পাস থেকে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন ওমর রেকিক।
তবে বিরতির পর তিউনিসিয়ার রক্ষণভাগ ও অধিনায়কের এক হাস্যকর ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৬০তম মিনিটে তিউনিসিয়ার গোলরক্ষক বল বাড়িয়েছিলেন ডিফেন্ডারের উদ্দেশ্যে। কিন্তু সেখানে বলের নিয়ন্ত্রণ নিতে দেরি করায় তা কেড়ে নেন ইসাক। তার বাড়িয়ে দেওয়া পাস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি গিওকেরেস। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দলটি। এরপর সুইডিশদের মুহুর্মুহু আক্রমণে আরও দুইবার বল জড়ায় তিউনিসিয়ার জালে। আয়ারি নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি স্কোরবোর্ডে নাম লেখান মাতিয়াস সভানবার্গ।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রাহাম পটারের শিষ্যরা। এই বড় জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে উড়ন্ত সূচনা করল সুইডেন।