ফিফা বিশ্বকাপ ২০২৬

ভিনিসিয়ুস ও ব্রাজিলকে আটকাতে প্রস্তুত হাকিমি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের সামনে ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো, চার বছর আগে দুর্দান্ত ফুটবল খেলে যারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে না পাওয়ার দুঃসংবাদ এর মধ্যেই পেয়ে গেছে ব্রাজিল সমর্থকেরা। নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র হতে পারেন ব্রাজিলের বড় ভরসার জায়গা। তবে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি বলছেন, ভিনিসিয়ুসকে আটকাতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। 

ব্রাজিল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাকিমি বলেছেন, ‘ভিনিসিয়ুস কোন মাপের খেলোয়াড় আমরা জানি। তার বিরুদ্ধে আমি বেশ কয়েকবার খেলেছি। সে দারুণ খেলোয়াড়। তবে আমি তার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমরা ভালো পারফরম্যান্স করব’। 

গত বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে মরক্কো ‘আন্ডারডগ’ তকমাই পাচ্ছে। হাকিমি অবশ্য ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট মানতে রাজি নন। ভাগ্য সুপ্রসন্ন হলে ইতিবাচক ফলাফল নিয়ে মাঠ ছাড়ার ব্যাপারে আশাবাদী এই পিএসজি ফুটবলার, ‘বিশ্বকাপে ফেভারিট দল বলে কিছু নেই। দুই দলের সামর্থ্য সম্পর্কেই আমরা জানি। সমানে-সমানে ম্যাচ হবে। আশা করছি ভাগ্য আমাদের পক্ষে থাকবে এবং আমরা সুযোগ কাজে লাগাতে পারব’। 

এর আগে নিজ নিজ ক্লাব পিএসজি ও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে একে অপরকে মোকাবিলা করেছেন হাকিমি ও ভিনিসিয়ুস। এবার জাতীয় দলের জার্সি গায়ে মুখোমুখি হবেন দুই দলের দুই বড় তারকা।