কানাডায় প্রবেশের অনুমতি পাননি পার্টে, খেলতে পারবেন না প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক

ভিসা জটিলতায় ২০২৬ বিশ্বকাপে ঘানার প্রথম ম্যাচ মিস করছেন মিডফিল্ডার টমাস পার্টে। কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় পানামার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। শুক্রবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যে ধর্ষণের মামলার মুখোমুখি হতে যাওয়া ৩২ বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলছেন। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারী তার বিরুদ্ধে সাতটি ধর্ষণের অভিযোগ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। তবে বরাবরই নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন তিনি।

আগামী বছর ওই সমস্ত অভিযোগে পার্টের বিরুদ্ধে হওয়া মামলার বিচারকাজ শুরু হবে। সেকারণে তার ঘানার হয়ে এবারের বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার টরন্টোতে অনুষ্ঠেয় গ্রুপ পর্বের ম্যাচে তাকে পাচ্ছে না আফ্রিকার দলটি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, 'ফিফা নিশ্চিত করছে যে, টমাস পার্টে যুক্তরাষ্ট্রের বোস্টনে ঘানার দলীয় ক্যাম্প থেকে প্রথম ম্যাচের জন্য কানাডায় ভ্রমণ করতে পারবেন না। ফলে আগামী বৃহস্পতিবার পানামার বিপক্ষে ম্যাচটিতে তিনি অংশ নিতে পারছেন না। কারণ, কানাডিয়ান সরকার তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে।'

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, তারা আয়োজক দেশগুলোর অভিবাসন প্রক্রিয়া বা ভিসা দেওয়ার সিদ্ধান্তের সাথে যুক্ত নয়। পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, 'আগের টুর্নামেন্টগুলোর মতোই আয়োজক দেশের সরকারই চূড়ান্তভাবে নির্ধারণ করবে যে, কারা ভিসা পাবেন এবং দেশে প্রবেশের অনুমতি পাবেন।'

কানাডার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কারণে সুনির্দিষ্ট কোনো মামলার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে দেশের নাগরিকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।

জানা গেছে, ঘানার গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পার্টের কোনো বাধা থাকবে না। 'এল' গ্রুপে ১৯৬৬ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১৮ সালের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

২০২০ সালে ৬ কোটি ডলারের বিনিময়ে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন পার্টে। লন্ডনের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৭টি ম্যাচ খেলেন তিনি। এরপর ২০২৫ সালের জুনে পাড়ি জমান ভিয়ারিয়ালে। আর ঘানা জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি।