বাংলাদেশ থেকে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

স্টার অনলাইন রিপোর্ট

সারাবিশ্ব মেতে উঠতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ নিয়ে। মাঠের লড়াই শুরুর বাকি আর মাত্র একদিন। ইতোমধ্যে বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে উন্মাদনা।

বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, পাড়া-মহল্লায় পতাকা ওড়ানো থেকে শুরু করে কোন দল সেরা—তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। অনেকেই রীতিমতো পার্টির আয়োজন করে খেলা দেখার পরিকল্পনা করছেন, খেলা দেখার সময় কী কী খাবেন ভাবছেন। গভীর রাতে কিংবা ভোরে যেসব ম্যাচ হবে সেগুলো দেখার প্রস্তুতি কেমন হবে, তার চিন্তা করছেন।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিও সরাসরি প্রচার করবে সবগুলো খেলা।

তবে, প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে ম্যাচ উপভোগের সুবিধা।

দেশে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলোর অন্যতম অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নাম লিখিয়েছে 'বায়োস্কোপ'। রাস্তায় যেতে যেতেও ফুটবলপ্রেমীরা এর মাধ্যমে খেলা দেখতে পারবেন।

গ্রামীণফোন ব্যবহারকারীরা মাত্র ৯৭ টাকা খরচ করেই বায়োস্কোপের মাধ্যমে সবগুলো ম্যাচগুলো দেখতে পারবেন। মাইজিপি ও স্কিটো অ্যাপ দিয়েও খেলা দেখা যাবে। এর মেয়াদ থাকবে ৫০ দিন।

বায়োস্কোপ সম্প্রতি জানিয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবগুলোই দেখাবে তারা।

খেলা দেখার জন্য নির্ভরযোগ্য এক্সক্লুসিভ ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত 'টফি'তেও থাকছে একই সুযোগ।

প্রথমদিকে মাত্র ৯৯ টাকায় রেজিস্ট্রেশন করে খেলা দেখতে পারবেন এই প্ল্যাটফর্মে। পরে এই রেজিস্ট্রেশন করতে লাগবে ১২৯ টাকা।

এই সাবস্ক্রিপশন পাসের মাধ্যমে দর্শকরা স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্টটিভিতে ভালো রেজ্যুলেশনে ১০৪টি ম্যাচ দেখে ফেলতে পারবেন।

'টফি' বাংলালিংকের হওয়ায় ৩০ দিনের ডেটা বা মিক্সড বান্ডেল প্যাকেজ কেনা ব্যবহারকারীরা বিশ্বকাপের সব ম্যাচ বিনা খরচে দেখতে পারবেন।

প্ল্যাটফর্মটি ফ্যানদের জন্য বিশেষ কার্যক্রম এবং বিশ্বকাপ-সম্পর্কিত কনটেন্ট চালু করারও পরিকল্পনা করছে।

আরেকটি বিকল্প 'মাই রবি' অ্যাপ। রবি ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে।

ম্যাচগুলো দেখার জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা বিশেষ ডেটা প্যাকের প্রয়োজন হবে, যা ১১ জুনের মধ্যে সাবস্ক্রাইব করলে মাত্র ৯৯ টাকা খরচ হবে।

বিশ্বকাপ শুরুর পর সাবস্ক্রিপশন প্যাকেজ ও অফারগুলোতে পরিবর্তন আসতে পারে। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট অ্যাপগুলোতে গিয়ে সর্বশেষ তথ্য দেখে কোন প্ল্যাটফর্মে বিশ্বকাপ উপভোগ করবেন, তা ঠিক করে নিন।

সঠিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম বেছে নেওয়ার পাশাপাশি সবশেষ পরামর্শ হলো ডিভাইসগুলো ঠিক আছে কি না, তা পরীক্ষা করে রাখুন এবং যেখানেই থাকুন না কেন প্রতিটি খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য প্রস্তুত হোন।