আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার পা রাখতে যাচ্ছেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ দিয়ে এই গোলরক্ষককে চূড়ান্ত দলে ডাক দিয়েছে আলজেরিয়া।

রোববার ২০২৬ সালের বিশ্বকাপের জন্য আলজেরিয়ার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। লুকার পাশাপাশি এই দলে অনুমিতভাবেই আছেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে খেলা ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। তিনি এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির হয়ে মাঠ মাতিয়েছেন।

২৮ বছর বয়সী লুকা সর্বশেষ আফ্রিকা কাপ অব নেশন্সে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তবে গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় তার চোয়াল ও চিবুক ভেঙে যায়। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে তার।

অনূর্ধ্ব-২০ পর্যায় পর্যন্ত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে আলজেরিয়াকে বেছে নেন লুকা। আফ্রিকার এই দেশটিতে তার দাদা-দাদি জন্মগ্রহণ করেছিলেন।

লুকার বাবা জিদান ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন করেছিলেন, যা ছিল তাদের প্রথম শিরোপা। এরপর ২০০৬ সালের আসরের ফাইনালেও ইতালির বিপক্ষে গোল করেছিলেন তিনি। যদিও পরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সেবার টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স।

এদিকে, সাত মাস পর দলে ডাক পেয়েছেন নাবিল বেনতালেব। ফরাসি ক্লাব লিলে খেলা ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও খেলেছিলেন। তা ছিল বিশ্বমঞ্চে আলজেরিয়ার সর্বশেষ অংশগ্রহণ।

আসন্ন বিশ্বকাপে 'জে' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও নবাগত জর্ডানের বিপক্ষে লড়বে আলজেরিয়া।

আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ওসামা বেনবোত, মেলভিন মাসতিল, লুকা জিদান

ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির শেরগি, জাওয়েন হাজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই

মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই, রামিজ জেরুকি

ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিজ, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।