চোয়াল ভেঙে বিশ্বকাপ শঙ্কায় লুকা জিদানের
অনাকাঙ্ক্ষিত এক চোটে পড়ে বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের। স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনির হাড় ভেঙে যাওয়ায় আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ এখন ঘোর শঙ্কার মুখে।
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা গত রোববার আলমেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। নিজেদের মাঠে ৪-২ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তার মারাত্মক সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত (কনকাশন) পাওয়ায় দ্রুত তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
২৭ বছর বয়সী এই গোলরক্ষককে চলতি মৌসুমের বাকি সময়টায় আর মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি চোট সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন হলে তার ফেরার অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে।
লুকার চোটের বিষয়ে সোমবার এক বিবৃতিতে গ্রানাদা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'খেলোয়াড় নিজে ক্লাবের মেডিকেল টিমের সাথে আলোচনা করে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'
লুকা জিদানের এই গুরুতর চোট আলজেরিয়া জাতীয় দলের জন্য এক বিশাল ধাক্কা হয়ে এসেছে। তিনি দলটির প্রথম পছন্দের গোলরক্ষক। তার ওপর দলের ব্যাকআপ গোলরক্ষক অ্যান্থনি মানদ্রেয়া এবং মেলভিন মাস্তিলও বর্তমানে চোটের কারণে দলের বাইরে রয়েছেন। ফলে গোলপোস্ট সামলানো নিয়ে চরম সংকটে পড়েছে আলজেরিয়া।
আগামী ১৬ জুন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে আলজেরিয়ার এবারের বিশ্বকাপ অভিযান।