বিশ্বকাপে ইবোলা আতঙ্ক, মধ্য আফ্রিকার যাত্রীর ভ্রমণে নিষেধাজ্ঞা মেক্সিকোর
বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো সমর্থক, খেলোয়াড় ও কর্মকর্তাদের আগমনের প্রস্তুতি চলছে। এমন সময় ইবোলা প্রাদুর্ভাবের কারণে সতর্ক অবস্থান নিয়েছে মেক্সিকো। মধ্য আফ্রিকার কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রধান তিনটি বিমান সংস্থা।
শুক্রবার মেক্সিকোর সবচেয়ে বড় বিমান সংস্থা অ্যারোমেক্সিকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গত ২১ দিনের মধ্যে উগান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র অথবা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, এমন যাত্রীদের বিমানপথে মেক্সিকোতে প্রবেশে বিধিনিষেধ দেওয়া হচ্ছে।
পরে স্বল্পমূল্যের বিমান সংস্থা ভিভা ও ভোলারিসও একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে। তিনটি সংস্থাই জানিয়েছে, এই বিধিনিষেধ আপাতত ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাব। দেশটি ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে এবং গ্রুপ পর্বের কিছু ম্যাচ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে খেলবে।
মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
তবে কঙ্গো দলের জন্য আপাতত বড় কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কম। কারণ দলটি বর্তমানে বেলজিয়ামে অনুশীলন করছে এবং বিশ্বকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৫ মে থেকে কঙ্গোতে ইবোলায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ২২৩টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমানে দেশটিতে ১২৫টি নিশ্চিত সংক্রমণ এবং ৯০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে বর্তমানে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের আগে তাই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগেভাগেই কঠোর পদক্ষেপ নিচ্ছে মেক্সিকো। আয়োজকরা আশা করছেন, এই সতর্কতামূলক ব্যবস্থা টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।