চোট সত্ত্বেও কানাডার বিশ্বকাপ স্কোয়াডে ডেভিস

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের জন্য শুক্রবার কানাডার স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জেসি মার্শ। ফুটবলের আসন্ন মহাযজ্ঞের সহ-আয়োজক দেশটির ২৬ সদস্যের এই দলে মূল তারকা হিসেবে আছেন আলফনসো ডেভিস ও জোনাথন ডেভিড।

হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়লেও ডিফেন্ডার ডেভিসকে স্কোয়াডের জন্য যথেষ্ট ফিট বলে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে, আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ফরোয়ার্ড ডেভিড।

কানাডা বিশ্বকাপে এর আগে দুবার অংশ নিয়ে ছয়টি ম্যাচ খেললেও কোনো ম্যাচ জেতেনি, বরং প্রতিটিতেই হেরেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফিফা র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে তারা।

এই স্কোয়াডের অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে আছেন এফসি পোর্তোর প্লেমেকার স্টিফেন ইউস্তাকিও এবং সাসুয়োলোর বক্স-টু-বক্স মিডফিল্ডার ইসমাইল কোনে। আরও ডাক পেয়েছেন ভিয়ারিয়ালের তেহন বুকানন ও তানি ওলুয়াসেই এবং সাউদাম্পটনের ফরোয়ার্ড কাইল ল্যারিন। এছাড়া, চোটের শঙ্কা থাকা সত্ত্বেও দলে সুযোগ পেয়েছেন নরউইচ সিটির মিডফিল্ডার আলি আহমেদ (হ্যামস্ট্রিংয়ের চোট) ও ইউনিয়ন এসজির স্ট্রাইকার প্রমিজ ডেভিড (নিতম্বের চোট)।

স্কোয়াডে ডাক পাওয়া প্রত্যেক খেলোয়াড়ের নাম টরন্টোর বিখ্যাত সিএন টাওয়ারে ব্যানারের মাধ্যমে প্রদর্শন করে উন্মোচন করা হয়।

চলতি মৌসুমে চোটের কারণে বেশ ভুগেছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ডেভিস। কানাডার প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে এখন সময়ের সঙ্গে লড়তে হবে তাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

এর আগে গত অক্টোবরে এসিএলের (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে আট মাস মাঠের বাইরে ছিলেন ডেভিস। তা থেকে ফেরার পর থেকেই পেশির চোটে ভুগছেন তিনি।

আক্রমণভাগে কানাডার অনেক কিছুই নির্ভর করবে ডেভিডের ওপর। তিনি দেশটির ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। ২০২০ সালে তিন কোটি ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল ফরাসি ক্লাব লিল।

লিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন 'আইসম্যান' খ্যাত এই ফরোয়ার্ড। এরপর গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে সিরি আর পরাশক্তি ইউভেন্তাসে যোগ দেন তিনি। তবে সেখানে তার খেলার সুযোগ বেশ সীমিত হয়ে পড়েছে।

আগামী ১৩ জুন টরন্টোতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে 'বি' গ্রুপে নিজেদের লড়াই শুরু করবে কানাডা। এরপর কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে ভ্যাঙ্কুভারে যাবে তারা।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডেইন সেন্ট ক্লেয়ার, ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান

ডিফেন্ডার: অ্যালিস্টার জনস্টন, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান, লুক ডি ফোগেরোলস, মইসে বম্বিতো, আলফনসো ডেভিস, আলফি জোন্স

মিডফিল্ডার: স্টিফেন ইউস্তাকিও, ইসমাইল কোনে, তেহন বুকানন, ম্যাথু শোয়েনিয়ের, আলি আহমেদ, ন্যাথান সালিবা, লিয়াম মিলার, মার্সেলো ফ্লোরেস, জ্যাকব শাফেলবার্গ, জোনাথন ওসোরিও

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, কাইল ল্যারিন, তানি ওলুয়াসেই, প্রমিজ ডেভিড।