ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই পালমার, অ্যালেকজান্ডার-আর্নল্ড ও ফোডেন
আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন একঝাঁক তারকা। সেই তালিকায় আছে চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন ও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের মতো বড় নাম। জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারেরও।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আসরটিকে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন টমাস টুখেল। পিএসজি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই জার্মান কোচ বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, থ্রি লায়ন্সরা বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে কঠোরভাবে সমালোচিত হবে তিনি।
পালমার, অ্যালেকজান্ডার-আর্নল্ড ও ফোডেন চলমান মৌসুমে ক্লাব পর্যায়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। এর মাশুল দিতে হয়েছে তাদেরকে।
টুখেল জানান, বিশ্বকাপে স্কোয়াডে যারা ঠাঁই পাননি, তাদেরকে এই খবর দেওয়া বেশ কঠিন ছিল, 'এটি কঠিন ছিল, কখনও কখনও যন্ত্রণাদায়কভাবে কঠিন ছিল। এমনকি ফোনে কথা বলার সময়ও আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছিলাম। তাই অন্তত একবারের জন্যও যারা আমাদের জাতীয় দলের ক্যাম্পে ছিল, তাদের সবাইকে আমি ফোন করেছি। তারা যা করেছে, সেটার জন্য আমি আমার মূল্যায়ন ও সম্মানটুকু দেখাতে চেয়েছি।'
চমক দেখিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌদি ক্লাব আল-আহলির স্ট্রাইকার আইভান টনি। তিনি প্রো লিগের এবারের মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৩২ ম্যাচ খেলে করেছেন ৩২ গোল। তবে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে তিনি মাত্র দুই মিনিট মাঠে থেকেছেন।
চলমান প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা গোলদাতা হওয়া সত্ত্বেও নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগ্যান গিবস-হোয়াইট ও লিডস ইউনাইটেডের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইন উপেক্ষিত হয়েছেন। এছাড়া, ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনকেও নেওয়া হয়নি। তবে ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার ও লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন টিকে গেছেন।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে 'এল' গ্রুপে রয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের সঙ্গী ২০১৮ সালের আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে টুখেলের শিষ্যরা।
ইংল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), মার্ক গেহি (ম্যানচেস্টার সিটি), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)
মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরিচি এজে (আর্সেনাল)
ফরোয়ার্ড: হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), আইভান টনি (আল-আহলি), ওলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস র্যাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।