নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল

আসন্ন ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে নেইমারের জায়গা হবে কি না তা নিয়েই ছিল সমস্ত জল্পনা-কল্পনা। শঙ্কার দীর্ঘ প্রহর পেরিয়ে অবশেষে উত্তর মিলল ভক্তদের। ৩৪ বছর বয়সী এই তারকাকে সঙ্গে নিয়েই ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অংশ নেবে সেলেসাওরা।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের জন্য সোমবার রাতে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তাদেরকে নিয়ে ২৪ বছরের লম্বা শিরোপাখরা দূর করার লড়াইয়ে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তিনি ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর বিখ্যাত হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি।

আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন গলাতে পারলেন এই তারকা ফুটবলার।

দল ঘোষণার আগের দিন জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন নেইমার, 'শারীরিকভাবে আমি দারুণ আছি, ফিট আছি। প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করছি। নিজের সর্বোচ্চটা দিয়েছি, এটা সহজ ছিল না। আমাকে বলতেই হচ্ছে, এটা সহজ ছিল না।'

তবে চলতি বছরও চোটের সঙ্গে নেইমারের লড়াই চলমান রয়েছে। ক্লাব পর্যায়ে নিয়মিত খেলতে পারছেন না তিনি। সান্তোসের খেলা ৩১টি ম্যাচের মধ্যে কেবল ১৫টিতে মাঠে নামতে পেরেছেন তিনি, যদিও পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন। ৬টি গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট।

নেইমার ফিরলেও বিশ্বকাপের যাত্রী হতে পারেননি চেলসির স্ট্রাইকার জোয়াও পেদ্রো ও রিয়াল বেতিসের উইঙ্গার অ্যান্তনি। নিজ নিজ ক্লাবে তারা দুর্দান্ত ফর্ম দেখালেও তা আনচেলত্তির বিবেচনার জন্য যথেষ্ট হয়নি।

তিনজন গোলরক্ষক, নয়জন ডিফেন্ডার, পাঁচজন মিডফিল্ডার ও নয়জন ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। অনুমিতভাবেই আছেন আলিসন, মার্কিনিয়োস, গাব্রিয়েল, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা।

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে শেষবার শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর অনুষ্ঠিত পাঁচটি আসরে সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে দলটি। আর সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে তাদের যাত্রা থেমেছিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে।

এবারের বিশ্বকাপে 'জি' গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এদারসন, ওয়েভারতন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।