ফিটনেস নিয়ে শঙ্কা থাকা লুকাকুকে নিয়েই বেলজিয়ামের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে বেলজিয়াম দলে সবচেয়ে বড় আলোচনা এখন রোমেলু লুকাকুকে ঘিরে। দীর্ঘদিন ধরেই ফর্ম ও ফিটনেস সংকটে থাকা এই অভিজ্ঞ স্ট্রাইকারকে নিয়েই বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রুডি গার্সিয়া। তবে দল ঘোষণার পর নিজেই স্বীকার করেছেন, লুকাকু এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন।

শুক্রবার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুকাকু। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচে ৮৯ গোল করা এই ফরোয়ার্ড চলতি মৌসুমে নাপোলির হয়ে সময় কাটিয়েছেন চোট ও অফ-ফর্মে। ২০২৬ সালে এখন পর্যন্ত প্রথম দলের হয়ে খেলেছেন মাত্র ৬৯ মিনিট। বর্তমানে নিতম্বের চোটেও ভুগছেন তিনি।

তবু লুকাকুর ওপর আস্থা হারাচ্ছেন না গার্সিয়া। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'রোমেলু সেরে উঠেছে, কিন্তু এখনো পুরো ছন্দে নেই। ম্যাচ শুরুর একাদশে তাকে রাখা যাবে কি না, সেটাও নিশ্চিত নই। কিন্তু সে আমাদের সেরা স্ট্রাইকার, বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।'

ফরাসি এই কোচ আরও বলেন, 'তাকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে। ধীরে ধীরে সে দলের জন্য অবদান রাখতে পারবে বলে আশা করছি।'

এদিকে বেলজিয়াম দলে প্রথমবার ডাক পেয়েছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। আগে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও এবার জাতীয়তা বদলে বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই লিল ফরোয়ার্ড।

অন্যদিকে বড় চমক হিসেবে দলে জায়গা হয়নি লুইস ওপেন্ডার। বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড জুভেন্টাসে ধারে খেলতে গিয়ে সিরি আ-তে ২৪ ম্যাচে মাত্র এক গোল করেছেন।

তবে অভিজ্ঞ ও তারকাখচিত বেশ কয়েকজন ফুটবলার যথারীতি জায়গা ধরে রেখেছেন। স্কোয়াডে আছেন কেভিন ডি ব্রুইনে, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকুর মতো পরিচিত মুখ।

আগামী ১৫ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। এরপর গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচ দুটি হবে যথাক্রমে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে।

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেন লামেন্স, মাইক পেন্ডার্স

ডিফেন্ডার: টিমোথি কস্তানে, জেনো ডেবাস্ট, ম্যাকসিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেখেলে, থমাস মুনিয়ে, নাথান এনগয়, হোয়াকিন সাইস, আর্থার থিয়াতে

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাসকিন, ইউরি তিলেমান্স, হান্স ভানাকেন, অ্যাক্সেল ভিতসেল

ফরোয়ার্ড: চার্লস ডি কেতেলায়েরে, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোদি লুকেবাকিও, দিয়েগো মোরেইরা, আলেক্সিস সালেমেকার্স, লিয়েন্দ্রো ট্রোসার্ড।