টানা তৃতীয়বার বিশ্বকাপে অনুপস্থিতি: ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এর প্রেক্ষিতে অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা।

২০১৮ সাল থেকে ফেডারেশনের দায়িত্বে ছিলেন ৭২ বছর বয়সী গ্রাভিনা। গত মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে হেরে ইতালি আসন্ন ২০২৬ বিশ্বকাপে উঠতে না পারার পর থেকেই তার ওপর পদত্যাগের তীব্র চাপ ছিল। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকেও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এফআইজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ জুন নতুন প্রধান নির্বাচনের জন্য একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করা হবে। অন্যদিকে, ইতালিয়ান ফুটবলের বর্তমান 'স্বাস্থ্যগত অবস্থা' সম্পর্কে প্রতিবেদন দিতে আগামী ৮ এপ্রিল একটি সংসদীয় কমিটির সামনে হাজির হওয়ার প্রস্তাব দিয়েছেন গ্রাভিনা।

১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালের আসরের শিরোপাজয়ী ইতালি সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ২০১৪ সালে। ২০০৬ সালে শেষবার সোনালী ট্রফিটি জেতার পর বিশ্বমঞ্চে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে আজ্জুরিরা— ২০১৪ সালের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে।

২০১৮ সালে ইতালি বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর ফেডারেশনের তৎকালীন প্রধান কার্লো তাভেচ্চিও পদত্যাগ করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন গ্রাভিনা। তার মেয়াদকালে ২০২০ সালের ইউরো জয়ের সাফল্য থাকলেও টানা দুবার বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় ইতালিয়ান সংবাদমাধ্যম ও শীর্ষ রাজনীতিবিদদের তোপের মুখে পড়েন তিনি। ফলে তার পদে বহাল থাকা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এই ব্যর্থতাকে 'চূড়ান্ত পরাজয়' হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, ইতালিয়ান ফুটবলকে এখন 'একেবারে শূন্য থেকে পুনর্গঠন' করা প্রয়োজন।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর বসনিয়ার কাছে টাইব্রেকারে হারের পরপরই গ্রাভিনা জানিয়েছিলেন যে, তিনি পদত্যাগের দাবির বিষয়টি বুঝতে পারছেন। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন বলে দাবি করেছিলেন তিনি। এরপর রোমে এফআইজিসির সদর দপ্তরে ইতালির ক্লাব পর্যায়ের চারটি ফুটবল স্তর, খেলোয়াড় ও কোচদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

ফেডারেশনের প্রধান হিসেবে ২০২১ ও ২০২৫ সালের নির্বাচনে পুনরায় জয়ী হওয়া গ্রাভিনার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও এখন তার উত্তরসূরির সন্ধান শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় উঠে আসছে ইতালির অলিম্পিক কমিটির (সিওএনআই) সাবেক প্রধান ৬৭ বছর বয়সী জিওভান্নি মালাগো ও এফআইজিসির সাবেক সভাপতি ৭৫ বছর বয়সী জিয়ানকার্লো আবেতের নাম। আবেতে এর আগে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, আজ্জুরি নামে পরিচিত দলটি করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ ইউরোতে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই সাফল্য ফুটবলের মহাযজ্ঞে তাদের টানা ১২ বছর ধরে অনুপস্থিতির গ্লানি কোনোভাবেই ঢাকতে পারছে না।