পাকিস্তানের সাফ গেমসে অংশ নিচ্ছে ভারত
দীর্ঘ ২৩ বছর পর আবার কোনো আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার স্বাগতিক হতে যাচ্ছে পাকিস্তান। আর সেই আসরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অংশগ্রহণ করতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই ক্রীড়া আসরটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ জানান, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানেই তারা পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আঞ্চলিক ক্রীড়া সংস্থার পর্যায় থেকে ভারত সম্মতি দিয়েছে। তবে কত সদস্যের দল তারা পাঠাবে, সেই বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে জানা যাবে।
প্রতিযোগিতা সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। সম্প্রতি দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারে’র সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খেলাধুলার ভেন্যুগুলোর প্রস্তুতি, নিরাপত্তা, পরিবহন, আবাসন ও চিকিৎসা ব্যবস্থা যাচাই করে দেখা হয়েছে।
প্রস্তাবিত ২০২৭ সাফ গেমসে ২৮টি ক্রীড়া ডিসিপ্লিনে প্রতিযোগিতা হবে। মূল ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার জুড়ে।
এর মধ্যে সবচেয়ে বেশি ১৫টি খেলা আয়োজন করবে রাজধানী ইসলামাবাদ, যার মধ্যে রয়েছে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্ট। লাহোরে ক্রিকেট, সাঁতার ও হকি সহ ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাকি ৩টি ডিসিপ্লিনের আয়োজন করবে পেশোয়ার।
হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা, দর্শক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এই আসর উপলক্ষে পাকিস্তানে আসবেন। ফলে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এর আগে ২০০৪ সালের ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে ৯ম সাফ গেমস আয়োজন করেছিল পাকিস্তান। ফলে ২০২৭ সালের আসরটি দিয়ে দীর্ঘ ২৩ বছর পর আয়োজক হিসেবে প্রত্যাবর্তন ঘটাচ্ছে দেশটি।