'পাকিস্তানের বেহাল দশার দায় আকিব জাভেদের', ধুয়ে দিলেন আজহার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেটের বর্তমান দৈন্যদশা ও ক্রমাগত ব্যর্থতার জন্য হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী। দলের একের পর এক বাজে সিদ্ধান্তের জন্য আকিবকে দায়ী করার পাশাপাশি পরিস্থিতি খারাপ হলে তিনি অন্যদের ওপর দায় চাপান বলেও অভিযোগ করেন আজহার।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। হেডিংলি ও লর্ডসে টানা পরাজয়ের পর আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। তবে আজহার আলীর আশঙ্কা, যেভাবে দল চলছে তাতে শেষ টেস্টে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারবে না পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটীয় বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা আকিব জাভেদের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে আজহার বলেন, পিসিবির প্রশাসনিক পদে বারবার পরিবর্তন এলেও আকিব সবসময়ই প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তাই দলের এই অবস্থার দায় নিয়ে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে আজহার বলেন, 'গত তিন বছর ধরে আমরা এরকম ভুল সিদ্ধান্ত দেখে আসছি। দলের পারফরম্যান্সের দায় তারই নেওয়া উচিত এবং তার বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা দরকার। চলতি সপ্তাহে আমি তার একটি সাক্ষাৎকার শুনেছি, যেখানে তিনি সরফরাজ ও বাবরের ওপর দায় চাপানোর চেষ্টা করছিলেন। অথচ কয়েক মাস আগেই তিনি নিজে তাদের নিযুক্ত করেছিলেন!'

তিনি আরও যোগ করেন, 'কারো বিচার করার জন্য এটাই আমার জন্য যথেষ্ট ছিল। তিনি যে সিদ্ধান্তই নেন, সেটিই বুমেরাং হয়ে ফেরে। এরপর তিনি বলেন, 'এটা আমার দোষ নয়।' আগে নিজের দিকে তাকান। আর আপনি যদি এই দলকে সামলাতে না পারেন, পাকিস্তান ক্রিকেটে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে না পারেন, তবে সরে দাঁড়ান।'

মাঠের পারফরম্যান্সে আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত দল হিসেবে পাকিস্তানের একটা সুনাম ছিল। তবে আজহারের মতে, পাকিস্তান এখন সেই ইতিবাচক অনিশ্চয়তাও হারিয়ে ফেলেছে। তিনি বলেন, 'মানুষ আগে বলত পাকিস্তান দল থেকে যেকোনো কিছু আশা করা যায়—যেকোনো দিনে তারা ৪৬ রানে অলআউট হতে পারে, আবার অলৌকিকভাবে জিততেও পারে। কিন্তু এখন আর সেই ধারাবাহিকতাহীনতাও নেই। আমরা এখন একদম ধারাবাহিকভাবে খারাপ খেলছি।'

পাকিস্তানের বর্তমান ক্রিকেটীয় কাঠামো নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টানেন সাবেক এই ব্যাটার। স্বল্পমেয়াদি সমাধানের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ দিয়ে আজহার বলেন, 'আমাদের প্রশ্ন করতে হবে কেন আমাদের পেস বোলার উঠে আসছে না। বাংলাদেশের দিকে তাকান। তারা শুধু নিজেদের মাঠে স্পিন বানিয়ে সন্তুষ্ট ছিল না; তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান জোরদার করতে চেয়েছিল। আজ তাদের এমন এক ঝাঁক পেসার তৈরি হয়েছে, যারা সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জিতে এসেছে। আর পাকিস্তানে মনে হয় শুধু আশা করেই বসে থাকা হয়, কোনো কাজ হয় না।'

ক্রাইসিস মোডে থাকা বাবর আজমের পাশে দাঁড়িয়ে আজহার বলেন, বাবরের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। তবে মিসবাহ-উল-হক বা ইউনিস খানের মতো মানসিক দৃঢ়তা বাবরের নেই বলেও উল্লেখ করেন তিনি,  'এই মুহূর্তে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। তবে মানসিক শক্তির দিক থেকে বাবর মিসবাহ বা ইউনিস ভাইয়ের পর্যায়ে নেই। মিসবাহ হয়তো বাবরের মতো অতটা প্রভাবশালী ব্যাটার ছিলেন না, কিন্তু তিনি মানসিকভাবে অনেক বেশি শক্ত ছিলেন। ইউনিস সমালোচনা সামলে নিজের লক্ষ্যে অবিচল থাকতেন। সবার মানসিকতা এক নয়, সেটা বুঝে আমাদের এমন পরিবেশ তৈরি করা উচিত যেখানে বাবর মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে।'

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট নিয়ে পাকিস্তান দলের কোনো আশা দেখছেন না আজহার। ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখেই আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট বোঝা যায় বলে মনে করেন তিনি।