গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের গাছায় স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. নাছির উদ্দিন (৩২) ও মো. সুজন মিয়া (২৭)।

আজ মঙ্গলবার গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নাছির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের চৈটট এলাকায়। তিনি ঘাটাইলের সন্ধানপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্য আসামি সুজন মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরে আদালতে উপস্থাপন করা হলে দুজনই স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

উপ- পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট রাতে গাছা থানার স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ২৪ আগস্ট গাছা থানায় মামলা দায়ের করা হয়।

তিনি জানান, ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থেকে নাছির উদ্দিনকে এবং মধুপুর থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় ১৭টি রুপার আংটি ও একটি স্মার্টফোনসহ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।