ব্যালন ডি'অরের দৌড়ে অবিশ্বাস্য অনুভূতিতে ভাসছেন কেইন

স্পোর্টস ডেস্ক

এক মৌসুমে ৭৩টি গোল! আধুনিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়া যে সংখ্যাকে রীতিমতো অসম্ভব বলে মনে করা হতো, সদ্য সমাপ্ত মৌসুমে সেই অলৌকিক কাণ্ডটাই ঘটিয়ে দেখিয়েছেন হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাবের জার্সিতে ৬১ আর জাতীয় দলের হয়ে ১২ গোল—সব মিলিয়ে ক্লাসিকো যুগের রূপকথা যেন ফিরিয়ে এনেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

ঐতিহাসিক এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে সামনে কেইনের নাম। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংলিশ ফুটবলারের হাতে ওঠেনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফি। দীর্ঘ ২৫ বছরের সেই খরা কাটানোর খুব কাছাকাছি দাঁড়িয়ে এখন তিনি।

সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন কেইন। ওয়ান হারগ্রিভসকে দেয়া সেই সাক্ষাৎকারে তাকে শোনানো হয় আরেক ইংলিশ কিংবদন্তি মাইকেল ওয়েনের একটি বিশেষ ভয়েস বার্তা। যেখানে ওয়েন কেইনকে 'ব্যালন ডি'অর বিজয়ী ইংলিশদের বিশেষ ক্লাবে' স্বাগত জানানোর অপেক্ষার কথা বলেন।

শৈশবের নায়কের কাছ থেকে এমন বার্তা পেয়ে আবেগাপ্লুত কেইন বলেন, 'যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের মুখে এমন প্রশংসা সত্যি গর্বে বুক ভরিয়ে দেয়। কিছুদিন আগেও তো আমি গ্যালারির সাধারণ একজন সমর্থক ছিলাম, যে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত। সেখান থেকে আজ এই পর্যায়ে আসা আর ব্যালন ডি’অরের দৌড়ে থাকা—পুরোটাই স্বপ্নের মতো।'

ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, এক মৌসুমে কেইনের চেয়ে বেশি গোল করার কীর্তি আছে কেবল লিওনেল মেসির। ২০১১-১২ মৌসুমে রেকর্ড ৮২টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। এমনকি ক্রিস্তিয়ানো রোনালদোর সেরা মৌসুমেও গোলের সংখ্যা ছিল ৬৯টি।

মেসি-রোনালদোর এই অবিশ্বাস্য রাজত্বের কথা স্মরণ করে কেইন বলেন, 'আমি মেসি আর রোনালদোর যুগের দাপট দেখে বড় হয়েছি। ৮২ গোল বা ৬৯ গোল—এগুলো এমন সংখ্যা যা ভাবলেও অবাস্তব মনে হতো। ওরা আমাদের প্রজন্মের এবং সম্ভবত ইতিহাসের সেরা দুই ফুটবলার। সেখানে এক মৌসুমে ৭৩টি গোল করার পর নিজেকেও একটু অবাক লাগছে।'

তবে ব্যক্তিগত ট্রফির সিদ্ধান্ত ভোটের ওপর ছেড়ে দিয়ে আপাতত মাঠে নজর রাখতে চান বায়ার্ন মিউনিখের এই তারকা। নতুন মৌসুমের শুরুতেই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ উঁচিয়ে ধরেছে বায়ার্ন। বুন্দেসলিগার নতুন যাত্রাও শুরু হয়েছে দাপটের সঙ্গে। কেইন বিশ্বাস করেন, ফুটবল অনুরাগী ও ভোটারদের নানান মতামত থাকবেই, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে নিজের সেরা মৌসুমটা উপহার দিতে পেরে তিনি তৃপ্ত।