লা লিগায় ৫ ম্যাচে ৫ গোল, খেলতে চান বার্সেলোনায়— কে এই জাবিরি?

স্পোর্টস ডেস্ক

গ্রীষ্মকালীন দলবদলে দুই স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ও ফেরান তোরেসকে বিদায় জানিয়েছে বার্সেলোনা। তাদের শূন্যস্থান পূরণে একদম উপযুক্ত কাউকে এখনও দলে টানতে পারেনি কাতালানরা।

৯ নম্বর পজিশনের জন্য লা লিগার শিরোপাধারীদের প্রধান লক্ষ্য ছিলেন হুলিয়ান আলভারেজ। তবে আর্জেন্টাইন এই তারকাকে লিগের প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করতে রাজি হয়নি অ্যাতলেতিকো মাদ্রিদ। তাই পরিকল্পনা পাল্টে দলবদলের শেষ দিকে আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সা।

জানুয়ারিতে আবারও আলভারেজের জন্য ক্যাম্প ন্যুর ক্লাবটি চেষ্টা করবে বলে শোনা যাচ্ছে। তবে এর মাঝেই লা লিগায় আলোড়ন তুলেছেন একজন তরুণ মরোক্কান স্ট্রাইকার, যার স্বপ্ন বার্সেলোনার জার্সি গায়ে জড়ানো। তিনি রেসিং সান্তান্দেরের ২১ বছর বয়সী ইয়াসির জাবিরি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাবিরির একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বরের সেই ভিডিওতে বার্সার হয়ে খেলার আকাঙ্ক্ষার কথা বলতে শোনা যায় তাকে। দলটির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে জাবিরি বলেছিলেন, ‘আমার লক্ষ্য হলো বার্সার হয়ে খেলা। আমি ছোটবেলা থেকেই বার্সার ভক্ত। যখন ছোট ছিলাম, তখন থেকেই বার্সাকে খুব ভালোবাসি।’

তার পরিবারের সবাই বার্সেলোনার সমর্থক জানিয়ে জাবিরি আরও বলেছিলেন, ‘আমার পরিবারের সবাই বার্সেলোনাকে সমর্থন করে। (লিওনেল) মেসি একজন কিংবদন্তি। আমি মূলত (লুইস) সুয়ারেজকে বেশি দেখতাম। আর (আঁতোয়ান) গ্রিজমানকেও, কারণ বাঁ-পায়ের খেলোয়াড় হিসেবে তার খেলার ধরন অনেকটাই আমার মতো।’

বার্সেলোনার নজরে পড়ার মতোই পারফরম্যান্স দেখাচ্ছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ফরাসি ক্লাব রেন থেকে ধারে এসে লা লিগায় সান্তান্দেরের হয়ে রীতিমতো উড়ন্ত সূচনা করেছেন জাবিরি। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেই ৫ গোল করে ফেলেছেন তিনি। গতকাল শনিবার আলাভেসের বিপক্ষে সান্তানদেরের ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন। আর গত মাসে এলচের বিপক্ষে ৩-২ গোলের জয়ে তিনি পেয়েছিলেন দারুণ এক হ্যাটট্রিক।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় বার্সার রাফিনিয়া, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও রায়ো ভায়েকানোর সার্জিও ক্যামেয়োর ঠিক পেছনেই অবস্থান জাবিরির। ৫ গোল নিয়ে এসপানিওলের রবার্তো ফার্নান্দেজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

জাবিরি উঠে এসেছেন মরক্কোর ষষ্ঠ মোহাম্মদ ফুটবল একাডেমি থেকে। ২০২৪ সালে দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর বতোলা লিগের দল ইউনিয়ন তুয়ার্গার হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়। ওই বছরেরই ২৬ আগস্ট চার বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব ফামালিকাওতে যোগ দেন তিনি।

এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি ফরাসি ক্লাব রেনের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেন জাবিরি। গত ২৯ জুলাই এক বছরের ধারে তাকে স্প্যানিশ ক্লাব সান্তান্দেরে পাঠায় রেন। আর বয়সভিত্তিক ধাপ পেরিয়ে গত মার্চে মরক্কো জাতীয় দলেও ডাক পান তিনি। দেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন একটি ম্যাচ।