লেভানদোভস্কির গোলের জবাবে মেসির আসিস্টে কাসেমিরোর গোল

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির নিখুঁত অ্যাসিস্টে গোল করলেন কাসেমিরো, আর তার আগে শিকাগো ফায়ারকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানদোভস্কি। শেষ পর্যন্ত দুই তারকার গোলেই ১-১ সমতায় শেষ হয়েছে ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের ম্যাচ।

বুধবার ঘরের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল শিকাগো। ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী লেভানদোভস্কি। মায়ামির ইয়ান ফ্রের দিক পরিবর্তন করে জায়গা বের করে নেন অ্যান্ড্রু গুটম্যান। এরপর পোস্টের দিকে ক্রস বাড়ান তিনি। সেখানেই ডান পা উঁচিয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার।

টানা তিন ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন লেভানদোভস্কি। এই গোলের পর নয় ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

গোল হজমের পর প্রথমার্ধে মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করে মায়ামি। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট অবশ্য সহজেই ঠেকিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। ৪১ মিনিটে আরও ভালো সুযোগ তৈরি করেন মেসি। শিকাগোর দ'আভিলা জে তাহকে কাটিয়ে বক্সের মাথা থেকে শট নেন তিনি। তবে এবারও মেসির শট দলকে গোল এনে দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে মায়ামি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন কাসেমিরো। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান এই তারকা।

কাসেমিরোর গোলের ঠিক এক মিনিট আগে দারুণ এক ক্লিয়ারেন্সে শিকাগোকে গোল হজমের হাত থেকে বাঁচান নোয়া অ্যালেন। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে ঢোকার আগেই তা ঠেকিয়ে দেন তিনি। মজার ব্যাপার হলো, গত সপ্তাহেই ধারে শিকাগোতে যোগ দিয়েছেন অ্যালেন। এর আগে ইন্টার মায়ামির হয়ে লিগে ৯০ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

এরপর আর কোনো গোল হয়নি। ইন্টার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার দুটি সেভ করেন। অন্যদিকে মেসিদের ছয়টি শট ঠেকিয়ে শিকাগোকে এক পয়েন্ট এনে দেন গোলরক্ষক ব্র্যাডি।

এই ড্রয়ে টানা চার ম্যাচে সমতায় থাকল শিকাগো। টানা সাত ম্যাচে অপরাজিতও তারা, এই সময়ে জয় তিনটি, ড্র চারটি। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানেই আছে দলটি।

অন্যদিকে সাম্প্রতিক সময়টা ইন্টার মায়ামির জন্য কিছুটা কঠিন যাচ্ছে। গত সাত ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। এই সময়ে হার দুটি ও ড্র চারটি। ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অবশ্য লিগের উপরের দিকেই আছে মায়ামি।