জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি, ধৈর্য হারাচ্ছে বার্নাব্যু
দল জিতেছে, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের রাতটা মোটেও স্বস্তির ছিল না। ইন্টার মিলানকে ২-১ গোলে হারানোর ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে একাধিকবার দুয়োধ্বনি শুনতে হয়েছে গ্যালারি থেকে। গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি তিনি। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত বার্নাব্যুর দর্শকদের সন্তুষ্ট করতে পারেননি ভিনিসিয়ুস।
ঘটনাটির পেছনে অবশ্য আলাদা প্রেক্ষাপটও আছে। গ্রীষ্মের দলবদলের সময়জুড়ে চলা দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে সম্প্রতি রিয়ালের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস। কয়েক মাস ধরে ক্লাবের সঙ্গে দর-কষাকষির পর শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চাওয়া শর্তগুলো মেনেই চুক্তি বাড়িয়েছে রিয়াল।
কিন্তু নতুন চুক্তির পর পরিস্থিতি যেন বদলে গেছে। মৌসুমের শুরুতে ভিনিসিয়ুসের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বার্নাব্যু। ইন্টারের বিপক্ষে ম্যাচ যত গড়িয়েছে, ততই বেড়েছে তাঁর প্রতি দর্শকদের অসন্তোষ।
বিশেষ করে আক্রমণের শেষ মুহূর্তে ভিনিসিয়ুসকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। বিশ্বকাপ থেকে ফেরার পর থেকেই গোল করার ক্ষেত্রে তার নির্ভুলতায় ঘাটতি দেখা যাচ্ছে। এ ম্যাচে অবশ্য আগের তুলনায় রক্ষণেও বেশি পরিশ্রম করেছেন তিনি। কিন্তু গ্যালারির একাংশ যেন ভুলের জন্য তাকে কোনো ছাড়ই দিতে রাজি ছিল না।
এরপর ম্যাচের শেষদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ২-১ গোলে এগিয়ে থাকা রিয়াল তখন ইন্টারের তীব্র চাপ সামলাচ্ছিল। সমতায় ফেরার জন্য মরিয়া ইতালিয়ান দলটি। এমন সময় রিয়ালের একটি আক্রমণও ব্যর্থ হয়। আর তখনই হতাশা প্রকাশ করে ওঠে বার্নাব্যু। সেই দুয়োধ্বনির বড় অংশই গিয়ে পড়ে ভিনিসিয়ুসের দিকে। ম্যাচে হতাশার অন্যতম প্রতীক হয়ে ওঠেন তিনি।
৮৭ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নেন কোচ হোসে মরিনিও। মাঠ ছাড়ার সময়ও পরিস্থিতি খুব একটা বদলায়নি। গ্যালারির একাংশ তাঁকে আবারও দুয়োধ্বনি দেয়। তবে অন্য অংশের দর্শক ব্রাজিলিয়ান তারকাকে সমর্থন জানাতে করতালির মাধ্যমে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
গ্যালারির দুয়োধ্বনির জবাবে ভিনিসিয়ুসও হাততালি দিয়ে দর্শকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানান। সেই সময় মরিনহো এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন।
ম্যাচ শেষে শিষ্যের পাশেই দাঁড়িয়েছেন পর্তুগিজ কোচ। ভিনিসিয়ুসের বর্তমান অবস্থাটা ব্যাখ্যা করতে গিয়ে মরিনহো বলেন, 'সে এখনো পুরোপুরি ফর্মে নেই। সেই ভিনিসিয়ুসকে এখনো দেখা যাচ্ছে না, যে এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে শেষ করে দিতে পারে। তবে সে অনেক পরিশ্রম করছে।'
এরপর ভিনিসিয়ুসের উদ্দেশে দর্শকদের আচরণ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন মরিনহো। তার মতে, কোনো খেলোয়াড় যখন মাঠে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, তখন তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া উচিত।
ভিনিসিয়ুসের জন্য নিজ মাঠে দুয়ো শোনা অবশ্য নতুন কিছু নয়। গত কয়েক মৌসুম ধরেই অনেক রিয়াল সমর্থক তার উপর বিরক্ত। বিশেষকরে ম্যাচে তার আচরণ ও উদযাপন পছন্দ নয় তাদের। যদিও রিয়ালকে শেষ দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান।