‘ভিনিসিয়ুসকে বুলিং করা হচ্ছে’, ক্ষুব্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শুরু থেকেই ভিনিসিয়ুস জুনিয়রকে প্রতিপক্ষের কঠিন ট্যাকলের শিকার হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের আচরণকে সরাসরি ‘বুলিং’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

রোববার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের জয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই ভিনিসিয়ুসকে পেছন থেকে ফেলে দেন আলেক্স কালাত্রাভা। মাটিতে পড়ে যাওয়ার পরও ভিনিসিয়ুসের শরীরে আঘাত করেন এস্পানিওলের এই খেলোয়াড়। ঘটনাটিতে লাল কার্ডের দাবি জানালেও কোনো শাস্তি দেননি রেফারি।

পরে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। যদিও এস্পানিওলের হয়ে সমতা ফেরান সেই কালাত্রাভাই। শেষ পর্যন্ত ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে কার্লো এস্পির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসের সঙ্গে প্রতিপক্ষের আচরণ নিয়ে সরব হন মরিনহো, 'ভিনিসিয়ুস কোনো সাধু নয়, কিন্তু তার সঙ্গে যা করা হচ্ছে, তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্রথম মিনিট থেকেই। এক প্রতিপক্ষের পর আরেক প্রতিপক্ষের বিপক্ষে একই ধরনের ঘটনা ঘটছে।'

ব্রাজিলিয়ান তারকাকে একের পর এক ফাউল করার কৌশল নিয়েও অভিযোগ করেন এই কোচ, 'আমি তাকে একটা ফাউল করব, এরপর তুমি একটা করবে। আমি হলুদ কার্ড দেখলে তুমি তাকে ফাউল করবে। আমি বদলি হয়ে গেলে এমন একজন খেলোয়াড় নামবে, যে এখনো হলুদ কার্ড দেখেনি, তারপর সে তাকে ফাউল করবে।'

তবে প্রতিপক্ষের এমন আচরণের মধ্যেও ভিনিসিয়ুসকে আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন মরিনহো। বিশেষ করে গোল করার পর উদযাপনের সময় সতর্ক থাকতে বলেছেন তিনি, 'তাকে অনেক আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আমি তাকে বলেছি, গোল করলে উদযাপনের ক্ষেত্রেও তাকে সতর্ক থাকতে হবে।'

ভিনিসিয়ুসকে ঘিরে মাঠে প্রতিপক্ষ ও গ্যালারির আচরণকে সমালোচনা করে রিয়াল কোচ আরও বলেন, 'আমরা এমন এক সময়ে আছি, যখন সমাজ বুলিংয়ের বিরুদ্ধে। অথচ ভিনির ক্ষেত্রে আমরা এখনো বুলিং দেখছি প্রতিপক্ষ এবং দর্শকদের কাছ থেকে। আমাদের তাকে শিক্ষিত করতে হবে, যতটা সম্ভব প্রস্তুত করতে হবে।'

ভিনিসিয়ুসকে ঘিরে মরিনহোর মন্তব্যের সঙ্গে অবশ্য তার নিজের পুরোনো বিতর্কও সামনে এসেছে। গত মৌসুমে বেনফিকার কোচ থাকাকালে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছিল। ওই ঘটনায় বেনফিকার জিয়ানলুকা প্রিস্তিয়ানিকে পরে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা।

তবে সে সময় প্রিস্তিয়ানিকে সমর্থন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মরিনহো। ভিনিসিয়ুসের গোল উদযাপনই দর্শকদের উসকে দিয়েছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।