ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরছেন আলভারেজ, পাশে সিমিওনে

স্পোর্টস ডেস্ক

দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন হুলিয়ান আলভারেজ। এমনকি অ্যাতলেতিকো মাদ্রিদের মৌসুমের প্রথম ম্যাচেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। তবে সেই অধ্যায়ের ইতি টেনে রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে দেরিতে অনুশীলনে ফেরায় বুধবার মালাগার বিপক্ষে অ্যাতলেতিকোর ৩-০ গোলের জয়ে ছিলেন না আলভারেজ। তবে শনিবার সংবাদ সম্মেলনে সিমিওনে নিশ্চিত করেছেন, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

'হ্যাঁ, আগামীকাল সে স্কোয়াডে থাকবে এবং সে আরও ভালো অবস্থায় আছে। অবশ্যই, অন্য সতীর্থদের মতোই সে এখনো নিজের ফিটনেস ও ছন্দ ফিরে পাওয়ার প্রক্রিয়ায় আছে,' বলেন সিমিওনে।

আলভারেজকে ঘিরে অবশ্য মাঠের বাইরের পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। এবারের গ্রীষ্মে অ্যাতলেতিকো ছাড়তে চেয়েছিলেন তিনি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখালেও স্প্যানিশ ক্লাবটি তাকে বিক্রি করতে রাজি হয়নি।

এরপর মালাগার বিপক্ষে ম্যাচে অ্যাতলেতিকো সমর্থকদের একটি অংশ আলভারেজকে লক্ষ্য করে কটূক্তি করে। ভিয়ারিয়ালের বিপক্ষেও এমন পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে নিজের খেলোয়াড়ের সমালোচনা মেনে নিতে রাজি নন সিমিওনে, 'আমি অবশ্যই কোনো ধরনের অপমান বা কটূক্তির সঙ্গে একমত নই। এটা একেবারে পরিষ্কার।'

আলভারেজকে দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখছেন তিনি, 'দল হিসেবে আমাদের লক্ষ্য অর্জনে হুলিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের তাকে প্রয়োজন। আমরা তার যত্ন নেব।'

এরপর আরও দৃঢ় অবস্থান জানান আর্জেন্টাইন কোচ, 'এটা খেলাধুলার দিক থেকে বলছি, এবং আমরা তার পাশে থাকব। কেন? কারণ সে আমাদের খেলোয়াড়। যতক্ষণ আতলেতিকো মাদ্রিদে আমার খেলোয়াড়রা থাকবে, আমি তাদের দেখভাল করব।'