অবশেষে রিয়াল মাদ্রিদ নিয়ে মুখ খুললেন আলোনসো
রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর অধ্যায়টা ছিল খুবই সংক্ষিপ্ত, আর প্রত্যাশার তুলনায় বেশ তিক্তও। যে ক্লাবে খেলোয়াড় হিসেবে নিজের নামকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গিয়েছিলেন, সেই ক্লাবে ব্যর্থতার চাপ, সমালোচনা আর নানা প্রশ্নের মধ্যেই শেষ হয়েছিল দ্বিতীয় অধ্যায়। এরপর অনেকটা নীরবই ছিলেন স্প্যানিশ কোচ। অবশেষে সেই রিয়াল মাদ্রিদ অধ্যায় নিয়ে মুখ খুলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর খুব বেশি সময় নষ্ট করেননি আলোনসো। নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন চেলসিকে। লন্ডনের ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে নতুনভাবে নিজেকে প্রমাণের মিশনে নামার আগে অবশ্য পেছনে ফিরে দেখেছেন রিয়ালের সেই কঠিন সময়টাকে।
চেলসির নতুন কোচ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই অধ্যায় নিয়ে আলোনসো বলেছেন, 'ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি আছে, তবে সেটি সেরে গেছে। এখন সেই ক্ষত বন্ধ হয়ে গেছে। আমি খুবই অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে যখন শুরু করেছিলাম, ঠিক সেভাবেই এই নতুন অধ্যায় উপভোগ করতে চাই।'
আলোনসোর কথাতেই স্পষ্ট, রিয়াল মাদ্রিদে তার সময়টা প্রত্যাশামতো না গেলেও সেই অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি। বরং নিজের ভুলগুলো খুঁজে বের করে সেখান থেকে শেখার চেষ্টা করেছেন তিনি। নিজের প্রতি কঠোর থেকেছেন এবং কোথায় আরও ভালো করা সম্ভব ছিল, সেটিও বিশ্লেষণ করেছেন।
'পেছনে ফিরে তাকালে আমি ইতিবাচক বিষয়গুলোর দিকে মনোযোগ দিই এবং যেগুলো কাজ করেনি, সেগুলো বিশ্লেষণ করি। আমি নিজের প্রতি খুবই কঠোর ছিলাম। কী কী আরও ভালো করতে পারতাম, সেটা ভেবেছি, কারণ বিষয়গুলো আমার প্রত্যাশামতো হয়নি,' বলেন আলোনসো।
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে প্রত্যাশার চাপ কতটা, সেটি আলোনসোর অজানা নয়। খেলোয়াড় হিসেবে বহু বছর সেই চাপ সামলেছেন তিনি। কিন্তু কোচ হিসেবে সেই একই ক্লাবে দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর সেই কঠিন অভিজ্ঞতা থেকেই তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ শিক্ষা।
আলোনসোর ভাষায়, 'আপনি হতাশা থেকে শেখেন, যেসব বিষয় পরিকল্পনামতো হয়নি সেগুলো থেকেও শেখেন। এরপর নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে ভবিষ্যৎ সবসময় আরও ভালো কিছু নিয়ে আসবে।'
রিয়াল মাদ্রিদে কী কী শিখেছেন, সেই প্রশ্নের উত্তরেও নিজের অভিজ্ঞতার দিকগুলো তুলে ধরেছেন আলোনসো, 'আমাকে যেভাবে মানিয়ে নিতে হয়েছিল, যেসব বিষয় কাজ করেছে এবং যেসব বিষয় কাজ করেনি, খেলার দিক থেকে যেমন, তেমনি দল পরিচালনার ক্ষেত্রেও, এসব অভিজ্ঞতা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।'
রিয়াল মাদ্রিদে ব্যর্থতার পর নিজের ওপর চাপ না বাড়িয়ে কিছুটা সময় নিজেকে দিয়েছেন আলোনসো। ফুটবল থেকেও দূরে ছিলেন। সেই সময়টা নিজের জন্য ব্যবহার করে মানসিকভাবে নতুন করে প্রস্তুত হয়েছেন তিনি, 'প্রতিটি অনুশীলনে খেলাটির প্রতি সেই আবেগ ও উৎসাহ ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মূলত সেই সময়টা নিজের জন্য ব্যবহার করেছি। কিছুটা বিচ্ছিন্ন ছিলাম এবং খুব বেশি ফুটবলও দেখিনি।'
এখন সেই অভিজ্ঞতা নিয়েই চেলসিতে নতুন অধ্যায় শুরু করেছেন আলোনসো। আর তার কথায় বোঝা যাচ্ছে, রিয়াল মাদ্রিদে কী ভুল হয়েছিল, সেটি নিয়ে তিনি যথেষ্ট আত্মসমালোচনা করেছেন। একই ভুল যেন চেলসিতে না হয়, সেই প্রস্তুতিও নিয়েছেন।
চেলসিতে যোগ দেওয়ার পেছনে ক্লাবটির উন্নতির সম্ভাবনাই বড় কারণ বলে জানিয়েছেন আলোনসো, 'এটি এমন একটি দল, যারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ফুটবল খেলেছে। গত মৌসুমের শেষ দিকে পরিস্থিতি যতটা খারাপ মনে হয়েছিল, আসলে ততটা ছিল না। উন্নতির অনেক সুযোগ রয়েছে এবং আমরা কত দ্রুত সেই পর্যায়ে পৌঁছাতে পারি, সেটিই এখন দেখার বিষয়।'
'ক্লাব এবং ক্রীড়া পরিচালকেরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। কিছু ভালো বিষয় আছে, আবার কিছু বিষয় তারা সংশোধন করতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা একই বিশ্লেষণে পৌঁছেছি। আমাদের দৃষ্টিভঙ্গি যদি ভিন্ন হতো, তাহলে সম্ভবত এটি সঠিক শুরুর জায়গা হতো না,' যোগ করেন তিনি।