২৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি মিলনারের
ইংলিশ ফুটবলের এক নির্ভরযোগ্য সৈনিক, এক অনন্য পেশাদার এবং প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার জেমস মিলনার অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ৪০ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বলেছেন সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার, যার দীর্ঘ ২৪ বছরের প্রিমিয়ার লিগ যাত্রা এখন ইতিহাসের অংশ।
গত তিন মৌসুম ব্রাইটনের হয়ে খেলা মিলনারের পেশাদার ক্যারিয়ারের শুরু হয়েছিল শৈশবের প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডে। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ঘটেছিল তার। সেই বয়সেই তিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছিলেন, যা তখন ইংলিশ ফুটবলে ব্যাপক আলোড়ন তুলেছিল।
এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ইংল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং ব্রাইটনের মতো ক্লাবে। প্রতিটি দলেই নিজের পরিশ্রম, শৃঙ্খলা ও বহুমুখী সামর্থ্যের জন্য প্রশংসা কুড়িয়েছেন।
সাফল্যের তালিকাও কম নয়। ম্যানচেস্টার সিটির হয়ে দুটি এবং লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ২০১৯ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরবও অর্জন করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নেমে প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন মিলনার। অবসরের সময় তার প্রিমিয়ার লিগে ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান মিলনার, 'প্রিমিয়ার লিগে ২৪টি মৌসুম কাটানোর পর আমার মনে হয়েছে খেলোয়াড়ি জীবনের ইতি টানার এটাই সঠিক সময়। ১৬ বছর বয়সে আমার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল। তখন কখনও কল্পনাও করিনি যে আমার যাত্রা এত দূর পর্যন্ত যাবে।'
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ইংলিশ ফুটবলের অংশ হয়ে থাকা মিলনার হয়তো খুব বেশি আলোচিত সুপারস্টার ছিলেন না। তবে ধারাবাহিকতা, পেশাদারিত্ব এবং নিবেদনের প্রতীক হিসেবে তিনি সবসময়ই থাকবেন বিশেষ মর্যাদায়। তার বিদায়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের এক স্মরণীয় যুগেরও সমাপ্তি ঘটল।