অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার সঙ্গে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ দল।
বাছাইপর্বের ম্যাচগুলো আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ খেলবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। স্বাগতিকদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা, এরপর তাদের প্রতিপক্ষ সিরিয়া ও ভারত।
বাছাইপর্ব শেষে আটটি গ্রুপ চ্যাম্পিয়নের সাথে সেরা সাতটি রানার্স-আপ দল আগামী বছর চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। স্বাগতিক হিসেবে চীন আগে থেকেই টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে।
গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দারুণ আত্মবিশ্বাস নিয়ে এই বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিশ্চিত করে তারা।