ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সার শিরোপা উদযাপন পিছিয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক

শিরোপার উৎসব সাজিয়েই বসেছিল বার্সেলোনা। শুধু রিয়াল মাদ্রিদের একটুখানি হোঁচটের অপেক্ষা, তাহলেই নিশ্চিত হয়ে যেত লা লিগা। কিন্তু সেই অপেক্ষা দীর্ঘ করলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে এস্পানিওলকে হারিয়ে রিয়াল মাদ্রিদ শুধু জয়ই পায়নি, বরং বার্সার শিরোপা উদযাপনও আপাতত স্থগিত করে দিয়েছে।

রোববার কাতালুনিয়ায় এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে ম্যাচের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি রিয়াল, এমনকি ভিনিসিয়ুসের একটি ডিফ্লেক্টেড শট পোস্টে লেগে ফিরে আসে। পুরো ম্যাচজুড়ে এস্পানিওলের ডিফেন্ডার ওমর এল হিলালির সঙ্গে তার দ্বৈরথ ছিল চোখে পড়ার মতো।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস। বদলি গনজালো গার্সিয়ার সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিকট পোস্টে নিখুঁত ফিনিশে এগিয়ে দেন রিয়ালকে। ১০ মিনিট পর আরও দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জুড বেলিংহামের ব্যাকহিল পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে দারুণ এক শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে চার ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। ফলে শিরোপা নিশ্চিত করতে আরও অপেক্ষা করতে হবে কাতালানদের। আগামী সপ্তাহে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেই আবার সুযোগ পাবে বার্সা।

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপেকে ছাড়াই এবং শেষ নয় ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে বেশ চাপে ছিল রিয়াল মাদ্রিদ। তবুও এই জয় তাদের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে দিয়েছে। যদিও বাস্তবতা হলো, টানা দ্বিতীয় মৌসুম কোনো শিরোপা ছাড়াই শেষ করার সম্ভাবনাই বেশি লস ব্লাঙ্কোসদের।

অন্যদিকে, টানা ১৭ ম্যাচে জয়হীন এস্পানিওল এখনও লড়ছে অবনমন এড়াতে। পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে থাকা দলটি ড্রপ জোনের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলেও সেই ব্যবধান কমে যাওয়ার শঙ্কা রয়েছে।