১৫ বছরেও সিদ্ধান্ত নেয়নি ফিফা, এবার সিএএসের দ্বারস্থ ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক

১৫ বছরের দীর্ঘ লড়াই, তবু ন্যায়বিচার অধরাই রয়ে গেছে। এই হতাশা বুকে নিয়ে এবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) দ্বারস্থ হয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ফুটবল ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এই আপিল দায়ের করা হয়েছে।

গত ২০ এপ্রিল পিএফএ আনুষ্ঠানিকভাবে ফিফার বিরুদ্ধে সিএএসে আপিল করে। ক্যাসের সূত্র বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। ২০২৪ সালে পিএফএ ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

তবে ফিফা বিষয়টি পর্যালোচনা করে জানায়, আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরের আইনি মর্যাদা 'অমীমাংসিত ও অত্যন্ত জটিল'। এই যুক্তি দেখিয়ে ইসরায়েল বা সংশ্লিষ্ট ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালত উভয়ই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে ঘোষণা করেছে। যদিও ইসরায়েল এই অবস্থানকে প্রত্যাখ্যান করেছে।

কানাডার ভ্যাঙ্কুভারে এশিয়ান ফুটবল কনফেডারেশন কংগ্রেসের পর সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএফএর ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি বলেন, 'ফিফা কাউন্সিল ১৫ বছর আলোচনার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিচার পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাব।'

ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফেয়ারস্কোয়্যার। ফেয়ারস্কোয়্যার বলেছে, এই ঘটনাটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ধারাবাহিক কুশাসনের দীর্ঘ তালিকায় আরেকটি সংযোজন।

তবে সম্পূর্ণ ভিন্ন একটি তদন্তে ফিফা সম্প্রতি আইএফএকে বৈষম্যের দায়ে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে এবং ভবিষ্যৎ আচরণ সম্পর্কে সতর্ক করেছে।  ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব বেইতার জেরুজালেমের বিরুদ্ধে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এবং গাজায় যুদ্ধকে সমর্থন করে ইসরায়েলি ফুটবলের উচ্চপর্যায়ের ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া পোস্টই ছিল মূল অভিযোগ।

ফিফার শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে এসেছে যে আইএফএ 'প্রাতিষ্ঠানিকভাবে এমন একটি ব্যবস্থার অংশীদার হয়ে গেছে যা ফুটবলের মূল মূল্যবোধকে লঙ্ঘন করে।' জরিমানার পাশাপাশি আইএফএকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী তিনটি হোম এ-লেভেল ফিফা ম্যাচে 'ফুটবল বিশ্বকে একত্রিত করে, বৈষম্য নয়' লেখা একটি বড় ব্যানার প্রদর্শন করতে হবে।

একইসঙ্গে স্টেডিয়াম ও অফিসিয়াল চ্যানেলে বৈষম্যবিরোধী সংস্কার, পর্যবেক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি ফিফা-অনুমোদিত প্রতিরোধ পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। তবে এই সিদ্ধান্তও এখনো আপিলের সুযোগ রাখে।