ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাজা পেলেন এনজো
ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন চেলসির এনজো ফার্নান্দেজ। 'সীমা লঙ্ঘন করায়' এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড থেকে বাদ দিয়েছেন দলটির কোচ লিয়াম রসেনিয়র।
গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে চেলসির বিদায়ের পর ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এনজো জানিয়েছিলেন, আগামী মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কি না সেটা তার জানা নেই। ২০২৩ সালের জানুয়ারিতে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন তিনি, যা ট্রান্সফার ফির ক্ষেত্রে ব্রিটিশ রেকর্ড। ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ব্লুজদের হয়ে সব মিলিয়ে ১৬১টি ম্যাচ খেলেছেন।
কোচ রসেনিয়র নিশ্চিত করেছেন, বিতর্কিত ওই মন্তব্যের জেরে সাজা পাচ্ছেন এনজো। আগামীকাল শনিবার পোর্ট ভেলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এবং ১২ এপ্রিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এনজোকে স্কোয়াডে রাখা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে রসেনিয়র বলেন, 'এনজোর এভাবে কথা বলাটা হতাশাজনক। একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে, কিন্তু ক্লাবের সংস্কৃতি ও আমরা যা গড়তে চাইছি, সেই জায়গা থেকে সে সীমা লঙ্ঘন করেছে। এই সিদ্ধান্তটি শুধু আমার বা স্পোর্টিং ডিরেক্টরদের নয়, ক্লাবের মালিকপক্ষ ও খেলোয়াড়রাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে এনজোর জন্য দরজা বন্ধ হয়ে যায়নি, এটি কেবল একটি শাস্তি। ক্লাবের আদর্শ রক্ষা করতেই আমাদের এই কঠোর অবস্থান নিতে হয়েছে।'
একই সাক্ষাৎকারে এনজো স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো আলোচনার কথা অস্বীকার করলেও জানিয়েছিলেন, তার সব মনোযোগ এখন চেলসিতে এবং সামনে কী হয় তা 'বিশ্বকাপের পর দেখা যাবে'। তবে সম্প্রতি অন্য এক সাক্ষাৎকারে তিনি স্পেনে বসবাসের ইচ্ছার কথা জানান। পাশাপাশি মাদ্রিদ শহর তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের কথা মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। গত ১১ থেকে ২১ মার্চের মধ্যে টানা চারটি ম্যাচ হেরেছে তারা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে শিরোপাধারী পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানের বিশাল হারও রয়েছে।
চেলসির আরেক তারকা মার্ক কুকুরেয়াও ভবিষ্যতে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরবর্তীতে এই স্প্যানিশ ডিফেন্ডার স্পষ্ট করেন যে, চেলসিতে তিনি 'সুখী' এবং ক্লাব ছাড়ার আগে আরও কয়েক বছর সেখানে কাটাতে চান।