শিরোপা দৌড়ে সিটির আশা প্রায় শেষ, স্বীকার করলেন রদ্রি
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ড্র করে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষে শিরোপা জয়ের আশা প্রায় শেষ হয়ে যেতে পারে বলেই স্বীকার করেছেন মিডফিল্ডার রদ্রি।
শনিবার লন্ডনে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করে পয়েন্ট হারায় সিটি। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলতে পারেনি পেপ গার্দিওলার দল।
এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ৯ পয়েন্ট। যদিও সিটির হাতে এখনও একটি ম্যাচ কম আছে, তবে সাম্প্রতিক ফর্ম তাদের জন্য বড় উদ্বেগের কারণ। শেষ দুই লিগ ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পেয়েছে তারা।
ম্যাচ শেষে রদ্রি বলেন, 'শিরোপা লড়াই কি শেষ? হয়তো হ্যাঁ, হয়তো না। আমরা হাল ছাড়ছি না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। কিন্তু ব্যবধানটা অনেক বড় হয়ে গেছে। তবুও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব।'
তিনি আরও বলেন, 'আজকের ম্যাচটা আমাদের পুরো মৌসুমের প্রতিচ্ছবি, কখনও ভালো, কখনও খারাপ। শেষ পাস বা শেষ শটটাই পার্থক্য গড়ে দেয়। আমরা সুযোগ তৈরি করেছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, কিন্তু গোলটাই করতে পারিনি। ফুটবলে গোলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
তবে এতকিছুর পরও আশা ছাড়তে রাজি নন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, 'সব শেষ হয়ে যায়নি। কে বলেছে? আমরা তো হারিনি। আর্সেনালের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান অবশ্যই বড়, কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আর সম্ভব হবে না, তখন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাবো।'
প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকলেও ইউরোপে এখনও সুযোগ দেখছেন রদ্রি। চ্যাম্পিয়ন্স লিগে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সিটির জন্য।
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ৩–০ ব্যবধানে পিছিয়ে থাকা সিটির সামনে রয়েছে কঠিন মিশন।
রদ্রির বিশ্বাস, সঠিক দিনে সেরা খেলাটা খেলতে পারলে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়। 'আমরা এখনও অন্য প্রতিযোগিতায় টিকে আছি। মঙ্গলবার আমাদের সামনে বিশাল ম্যাচ। আমি সত্যিই বিশ্বাস করি আমরা ঘুরে দাঁড়াতে পারি,' বলেন তিনি।