বার্সেলোনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন নিউক্যাসলের
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। শেষ ষোলোর প্রথম লেগে ইউরোপজুড়ে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও সবচেয়ে বেশি নজর থাকবে ইংল্যান্ডের টাইনসাইডে, যেখানে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেড ও বার্সেলোনা।
ম্যাচটি ইংলিশ ক্লাবটির জন্য বিশেষ এক উপলক্ষ। ক্লাবটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এটি মাত্র দ্বিতীয়বারের মতো খেলা। তাই ম্যাচটিকে ক্লাবের ইতিহাসের 'সবচেয়ে বড় ম্যাচ' বলেই উল্লেখ করেছেন নিউক্যাসলের কোচ এডি হাও।
প্লে–অফ পর্বে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে-কে সহজেই হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। তবে এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা, যাদের কোচ হ্যান্সি ফ্লিক।
এই ম্যাচটি স্মরণ করিয়ে দিচ্ছে দুই দলের ১৯৯৭ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা। সেবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দেখায় বার্সেলোনাকে ৩–২ গোলে হারিয়েছিল নিউক্যাসল, যেখানে হ্যাটট্রিক করেছিলেন ফাউস্তিনো এসপ্রিয়া।
এক সময় অবনমন ও অস্থিরতার মধ্যে দিয়ে গেছে নিউক্যাসল। বিশেষ করে সাবেক মালিক মাইক অ্যাশলির সময় ক্লাবটি একাধিকবার অবনমনের স্বাদ পেয়েছিল। তবে ২০২১ সালে মালিকানা পরিবর্তনের পর নতুন করে উত্থান শুরু হয়েছে ক্লাবটির।
সাম্প্রতিক সাফল্যে টাইনসাইডে আবারও জেগেছে ইউরোপীয় স্বপ্ন। তাই বার্সেলোনার মতো জায়ান্টের আগমন সমর্থকদের জন্য অনেকদিনের প্রতীক্ষিত এক ইউরোপীয় রাত।
তবে নিউক্যাসলকে হালকাভাবে নিতে নারাজ বার্সেলোনা কোচ ফ্লিক। তার মতে, বিশ্বের সেরা লিগ হিসেবে বিবেচিত ইংলিশ প্রিমিয়ার লিগের দল হওয়ায় নিউক্যাসলকে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।
ফ্লিক বলেন, 'প্রিমিয়ার লিগ অসাধারণ একটি লিগ, আমার মতে এটি বিশ্বের সেরা লিগ। সেখানকার দলগুলো খুবই শক্তিশালী। দেখুন, শেষ ষোলোতে এখন প্রিমিয়ার লিগের ছয়টি দল আছে। আমাদের নিজেদের পথ ও খেলার ধরন ধরে রাখতে হবে। বার্সেলোনার মতো করেই খেলতে চাই আমরা, যাতে সমর্থকেরা আমাদের খেলায় গর্ব অনুভব করতে পারেন।'
এই মৌসুমে নিউক্যাসলের পারফরম্যান্স ওঠানামার মধ্যে থাকলেও ফ্লিক মনে করেন, ইউরোপীয় মঞ্চে তারা ভিন্ন রূপে হাজির হতে পারে। তার ভাষায়, 'চ্যাম্পিয়ন্স লিগ আলাদা প্রতিযোগিতা। এই পর্যায়ে উঠলে সবাই নিজের সেরাটা দিতে চায়। নিউক্যাসলের দলে দ্রুতগতির ও দারুণ কিছু খেলোয়াড় আছে, ট্রানজিশনে তারা খুবই বিপজ্জনক।'
নিউক্যাসল যদি নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে পারে, তবে ইউরোপীয় ফুটবলে ক্লাবটির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।