ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা এসির বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু জানান, সোমবার রাতে বাড়িতে এসে তিনি চুরির বিষয়টি টের পান। বাড়িতে ঢুকে লাইট জ্বালানোর চেষ্টা করলে তা না জ্বলায় বাইরে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার দেখতে পাননি। পরে ছাদে গিয়ে দেখেন, এসির তারও কেটে নিয়ে গেছে চোরেরা। এ ছাড়া, বাইরে থাকা এসির বেশ কিছু সরঞ্জামও পাওয়া যায়নি।
এই অভিনেতা বলেন, ‘এটি আমার জন্মস্থান। মাঝেমধ্যে এখানে ছুটে আসি। মাসে এক-দুইবার আসা হয়। সোমবার রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি আলো জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এ ছাড়া, বাইরে থাকা এসির বেশ কিছু মালামালও নেই।’
তিনি জানান, পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকলেও মাঝেমধ্যে ফরিদপুরের বাড়িতে আসেন। ‘কামরাঙ্গা’ নামের বাড়িটি দেয়ালঘেরা। বাড়ির ভেতরে রয়েছে দোতলা ভবন ও বাগান।
এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘শুধু আমার বাড়িতেই নয়, অন্যদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের এখানে এমন পরিস্থিতি আগে ছিল না। নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে গেছে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে তার বাসভবনে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।’
ফজলুর রহমান বাবু বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক। দীর্ঘ অভিনয়জীবনে তিনি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের হৃদয়ে ঠাঁই পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার গাওয়া বেশ কিছু গানও জনপ্রিয় হয়েছে। অভিনয়ে অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।