ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেও আশাবাদী আর্তেতা
শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে পয়েন্টের ব্যবধান বড় করার সুযোগ ছিল হাতের মুঠোয়। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় সেই সুবিধা আর ধরে রাখতে পারেনি আর্সেনাল। তবুও হতাশ নন কোচ মিকেল আর্তেতা; তার বিশ্বাস, লক্ষ্য ঠিক থাকলে এবং নিজেদের মান আরও উন্নত করতে পারলে শেষ পর্যন্ত তার দলই লড়াইয়ে টিকে থাকবে।
বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের মাঠে ১-১ সমতায় থেমে প্রিমিয়ার লিগে শীর্ষে ব্যবধান ছয় পয়েন্টে নেওয়ার সুযোগ হারিয়েছে গানাররা। ননি মাদুয়েকের হেডে এগিয়ে গেলেও কিয়ান লুইস-পটারের গোলে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। ফলে ব্যবধান এখন চার পয়েন্ট। ফলে শিরোপা দৌড়ে চাপ আবারও ফিরে আসে আর্সেনালের ওপর। মৌসুমের শেষ দিকে এসে পা হড়কানো তাদের জন্য নতুন কিছু নয়।
এই পরিস্থিতিতে দলকে স্থির রাখার প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নের জবাবে আর্তেতা স্পষ্ট করে দেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। “আমাদের যা করতে হবে, সেটাই করতে হবে। আমরা প্রতিটি ম্যাচ জেতার প্রস্তুতি নেব। একমাত্র মনোযোগ রাখতে হবে নিজেদের খেলায় এবং দলগত ও ব্যক্তিগতভাবে মান আরও বাড়াতে হবে, যাতে প্রতি সপ্তাহে প্রতিপক্ষের চেয়ে ভালো হতে পারি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।
সিটির পরে মাঠে নামা দলটির জন্য বাড়তি চাপ তৈরি করছে কি না, এই প্রসঙ্গে আর্তেতার মন্তব্য, “আমি তা মনে করি না। এই মৌসুমে কয়েকবার তাদের পরেই আমরা খেলেছি এবং জিতেছি। তাই এটা নতুন কিছু নয়।”
পরিসংখ্যানও বলছে, এগিয়ে থাকলে বেশিরভাগ সময়ই জয় নিশ্চিত করতে পেরেছে আর্সেনাল। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে প্রথম গোল করেছে তারা। এর মধ্যে মাত্র দু’বার জয় পায়নি, ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র এবং জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার। অর্থাৎ সুযোগ তৈরি করতে পারলে তা কাজে লাগানোর সক্ষমতা রয়েছে দলটির।
মধ্যমাঠের অন্যতম ভরসা ডেক্লান রাইস মৌসুমটিকে তুলনা করেছেন রোমাঞ্চকর এক যাত্রার সঙ্গে। “এই মৌসুমটা যেন ওঠানামায় ভরা। এটা সহজ হবে ভাবা বোকামি। আমরা প্রতি সপ্তাহে সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, সেগুলোর দিকেই মনোযোগ দিতে হবে,” বলেন রাইস।
তিনি আরও যোগ করেন, “বাইরের কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখতে হবে। আমরা সেটা ভালোভাবেই করেছি। শিরোপা লড়াই নিয়ে মানুষ কথা বলবেই, আর্সেনালকে নিয়েও আলোচনা হবে। কিন্তু আমাদের দল ভেতরে ভেতরে খুবই শান্ত।”