সব সুবিধা পেলেও তো সবসময় ভালো খেলি না: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের সময় যত ঘনিয়ে আসছে, আয়োজক দেশ জাপানের আবাসন ব্যবস্থা ও অবকাঠামোগত নানা অব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তত জোরালো হচ্ছে। আয়োজন নিয়ে নানা অপ্রতুলতার চিত্র সামনে আসলেও বিষয়টি নিয়ে একেবারেই বিচলিত নন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার স্পষ্ট কথা—থাকার পরিবেশ বা সুযোগ-সুবিধা যা-ই হোক না কেন, মাঠের পারফর্ম্যান্সই এখানে আসল কথা।

জাপানে খেলোয়াড়দের ছোট কক্ষের আবাসন সংকট, অস্থায়ী ড্রেসিংরুম ও ভেন্যুর অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন মহল থেকে কথা উঠেছে। তবে সালাউদ্দিন মনে করেন, দেশকে প্রতিনিধিত্ব করার সময় এগুলোকে মুখ্য বাহানা বানানো ঠিক হবে না।

সোমবার সংবাদ মাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘সবকিছুরই চ্যালেঞ্জ আছে। থাকার বিষয়টি আমার কাছে খুব বড় কোনো ফ্যাক্টর নয়। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমাদের লক্ষ্য ভালো খেলা। চ্যালেঞ্জ থাকবেই।’

বিদেশে খেলতে গিয়ে অনেক সময় বিশ্বমানের সুযোগ-সুবিধা পেয়েও আশানুরূপ ফল না পাওয়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে জাতীয় দলের এই সহকারী কোচ যোগ করেন, ‘আমরা সাধারণত অন্য জায়গায় খেলতে গেলে অনেক ফ্যাসিলিটি পাই, কিন্তু সেখানেও সবসময় ভালো ফল করি না। তাই থাকার বিষয়টি আমার কাছে মুখ্য নয়। মুখ্য বিষয় হলো, আমরা একটি জায়গায় খেলতে যাচ্ছি, একটি দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমাদের মনোযোগ শুধু খেলায় থাকা উচিত।’

গেমসে বাংলাদেশের পদক খরা কাটাতে ক্রিকেট দলের ওপরই সব সময়ের মতো এবারও ভক্তদের প্রত্যাশার চাপ বেশি। সালাউদ্দিন জানান, পুরো দেশ তাদের দিকে তাকিয়ে আছে জেনে তারা ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন, ‘যেহেতু আমরা খেলতে এসেছি, তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। আমরা আশা করব, ছেলে ও মেয়েরা ভালো করবে এবং দেশকে ভালো কিছু উপহার দেবে।’

তবে জাপানের চ্যালেঞ্জ জয়ের পাশাপাশি মাঠের ক্রিকেটেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। গত কয়েক মাসে জাতীয় দল টেস্ট ও ওয়ানডে নিয়ে ব্যস্ত থাকলেও কোনো টি-টোয়েন্টি খেলেনি। ফলে এশিয়ান গেমসে দলগুলোর পূর্ণাঙ্গ শক্তি পাঠানোর সিদ্ধান্তের মাঝে টি-টোয়েন্টির মেজাজে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।