পাকিস্তানকে খোঁচা দিয়ে ইরফান লিখলেন, ‘আজ কি রোববার?’
পাকিস্তান ক্রিকেটের দুঃসময় কাটছেই না। সেটা ছেলেদের দল হোক, কিংবা মেয়েদের। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হেরে গেছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে খোঁচা দিতে দেরি করেননি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট হয় পাকিস্তানের মেয়েরা। মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটের অনায়াস জয় তুলে নেয় ভারতের মেয়েরা। এরপর পুরনো মন্তব্যের সুর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরফান লিখেছেন, ‘আজ কি রোববার?’
ব্যাপারটা খোলাসা করা যাক। গত বছর পুরুষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল রোববার। আর ফাইনালসহ সবকটিতেই পাকিস্তানের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর মধ্যে একটি ম্যাচে জয়ের পর ইরফান এক্সে পোস্ট করেছিলেন, ‘প্রতিবেশীরা, তোমাদের রোববার কেমন কাটল?’
ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য মাইলফলক। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের ২০০তম ম্যাচটি রাঙানোর বদলে উল্টো মুখ থুবড়ে পড়ে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে গুটিয়ে যায় স্রেফ ৫৫ রানে। তারপর ৩ উইকেট হারিয়ে ৬৮ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় ভারত।
নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের আগের সর্বনিম্ন স্কোর ছিল এই দুবাইয়ের মাঠেই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ৫৬ রানে অলআউট হয়েছিল তারা। বিব্রতকর অভিজ্ঞতার পাশাপাশি এই সংস্করণে ভারতের বিপক্ষে টানা পঞ্চম হারের তেতো স্বাদও পেয়েছে দলটি। সব মিলিয়ে দুই দলের ১৮টি টি-টোয়েন্টির ১৫টিতেই হেরেছে তারা।
‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা ভারত তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। দুই ম্যাচ খেলা পাকিস্তানের নামের পাশে রয়েছে একটি করে জয় ও হার। সেমিতে ওঠার অভিযানে আগামীকাল সোমবার তারা হংকংকে মোকাবিলা করবে।
অন্যদিকে, বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ছেলেদের দল অনেক দিন ধরেই রয়েছে চাপের মাঝে। সম্প্রতি তা রূপ নিয়েছে চরম মাত্রায়। ইংল্যান্ড সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হওয়ায় গত সপ্তাহে সাতজন ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। পাশাপাশি ছাঁটাই করা হয় টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং উমর গুলকে।
টালমাটাল অবস্থার সেখানেই শেষ নয়। টেস্ট স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল করার পরদিন নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন মিসবাহ উল হক। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির পরামর্শকের পদ থেকেও সরে দাঁড়ান তিনি।
আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে।

