সমালোচকদের ধুয়ে দিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি
ইংল্যান্ডের কাছে দুই টেস্টে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের ক্রিকেটে টালমাটাল অবস্থা। দলে সাত খেলোয়াড় ও দুই কোচকে ছাঁটাই করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। দেশটির সাবেক ক্রিকেটাররা সমালোচনা-মুখর হয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরাও এই নিয়ে কথা বলতে ছাড়ছেন না। তবে এসব সমালোচনাকে পাত্তা দিলেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা নাকভি জিও নিউজকে বলেন, ‘সমালোচনা কখনো ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না। যারা বলছেন আমি আসার পর ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তারা একবার দেখুন তো, আমার আসার আগে র্যাঙ্কিং কোথায় ছিল।’
সব সমালোচনাকে অবশ্য এক পাল্লায় মাপছেন না পিসিবি প্রধান। ওয়াসিম আকরামের মতো কারও কথা শুনতে তিনি প্রস্তুত বলে জানালেও, বাকিদের সমালোচনা উড়িয়ে দিয়ে তার দাবি—তারা বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল নন, তাদের কথা আমলে নেওয়ার কিছু নেই।
এই বিতর্কের মধ্যেই ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে একঝাঁক সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারকে—মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, ইমাম-উল-হক, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ তাদের মধ্যে অন্যতম।
তাদের জায়গায় টেস্ট দলে নতুন করে ডাক পেয়েছেন সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহ।
শুধু দল থেকে বাদ দেওয়াই নয়, নির্বাচকদের কাছেও ব্যাখ্যা তলব করেছে পিসিবি। ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে টেস্ট দলে রাখার ‘যৌক্তিকতা’ নিয়ে প্রশ্ন তুলে নির্বাচকদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দলের ভেতরেও রদবদল এসেছে বড় আকারে। টেস্ট দলের দায়িত্ব এখন সাদা বলের কোচ মাইক হেসনের হাতে, আর নতুন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন অ্যাশলি নফকি।
এসবের মধ্যেই সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের সিদ্ধান্তে। নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং পরামর্শকের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। এই মুহুর্তে কোন কিছুই যেন ঠিক নেই পাকিস্তানের ক্রিকেটে।
তবে নাকভি মনে করছেন তিনি ও তার বোর্ড ঠিক প্রক্রিয়াতেই আছেন।

