বিপিএলে দুর্নীতির অভিযোগ: বিসিবির সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির দুর্নীতিবিরোধী কোড (আইসিসি অ্যান্টি-করাপশন কোড, ২০২৪) ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জও গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ (প্রোভিশনাল সাসপেনশন) করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ে উপযুক্ত জবাব না দিলে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্তদের বিরুদ্ধে যেসব সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে:

  • মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম): বিপিএলের ১২তম আসরে ম্যাচ ফিক্সিং বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা (ধারা ২.১.১), অন্য কোনো প্রতিনিধিকে দুর্নীতিতে লিপ্ত হতে উৎসাহিত বা প্ররোচিত করা (ধারা ২.১.৪), ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা সংশ্লিষ্ট অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে (ডিএসিও) জানাতে ব্যর্থ হওয়া (ধারা ২.৪.৪) এবং তথ্য বা যোগাযোগমাধ্যমের বার্তা মুছে ফেলে তদন্তে বাধা সৃষ্টি করার (ধারা ২.৪.৭) অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
     
  • জাকির হোসেন: সাবেক এই সিকিউরিটি লিয়াঁজো অফিসারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা (ধারা ২.১.১), অনৈতিক কাজে প্ররোচনা দেওয়া (ধারা ২.১.৪) এবং অ্যান্টি-করাপশন কর্মকর্তার তদন্তে অসহযোগিতা ও লিগ্যাল নোটিশের জবাব না দেওয়ার (ধারা ২.৪.৬) অভিযোগ রয়েছে।
     
  • রাকিবুল ইসলাম সানি: অনৈতিক প্রস্তাব পাওয়ার বিষয়টি সময়মতো অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো (ধারা ২.৪.৪) এবং তদন্তকাজে সহযোগিতা না করার (ধারা ২.৪.৬) অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে।

বর্তমানে বিষয়টি ডিসিপ্লিনারি প্রক্রিয়ার অধীন থাকায় এই মুহূর্তে বিসিবি থেকে বাড়তি কোনো মন্তব্য করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।