ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচার করায় মাঠে না নামার হুমকি দিয়েছিল পিসিবি

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে চলমান সিরিজের লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে কারাবন্দি ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার সম্প্রচার করেছে স্কাই স্পোর্টস। এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকারটি সম্প্রচারের প্রতিবাদে লাঞ্চ বিরতির পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর মতো কঠোর পদক্ষেপের কথাও বিবেচনা করেছিল পিসিবি।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইক আথারটন এই সাক্ষাৎকার নেন। সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি তারা কিংবদন্তি ক্রিকেটার ইমরানের জীবন নিয়ে আশঙ্কার কথাও জানান।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচার না করার অনুরোধ জানিয়ে লাঞ্চ বিরতির আগেই পিসিবির পক্ষ থেকে স্কাই স্পোর্টসের সাথে যোগাযোগ করা হয়েছিল। এমনকি এটি টিভিতে দেখানো হলে বিরতির পর পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে ফিরবেন না বলেও হুমকি দেওয়া হয়েছিল। পিসিবির আপত্তির কারণে কিছুটা দেরি করলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি সম্প্রচার করে সংবাদমাধ্যমটি।

হুমকি সত্ত্বেও স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়া নিয়ে কোনো গোলমাল হয়নি। প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়েই মাঠে ফেরেন পাকিস্তানের ক্রিকেটাররা।

গত বুধবার লর্ডসের রাইটার্স রুমে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়েছিলেন আথারটন। স্কাই স্পোর্টস চলতি টেস্টের আগে এর একটি টিজারও প্রকাশ করেছিল। তবে পাকিস্তানে এই সিরিজ সম্প্রচারকারী চ্যানেল পিটিভি অনুমিতভাবেই সাক্ষাৎকারটি দেখায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। পাশাপাশি তার ছেলেরা তার উপযুক্ত চিকিৎসার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাকে সরকারি পিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পরপরই আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরানের বোন ও ছেলেরা অভিযোগ করেছেন যে, এটি আদালতের আদেশের লঙ্ঘন। একইসঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের সাথে তার সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি করেছেন তারা।

গত সপ্তাহে ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি লিখে কারাগারে ইমরানের সঠিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এই চিঠিতে আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়করা স্বাক্ষর করেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ১৪ জন অধিনায়ক একটি চিঠি পাঠিয়েছিলেন। তবে সেটির কোনো উত্তর না পাওয়ায় এই দ্বিতীয় চিঠিটি দেওয়া হয়।

তবে গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সরকার কারাগারে ইমরান খানকে নির্যাতন করা বা তার পরিবার ও আইনজীবীদের সাথে যোগাযোগ করতে না দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে। সরকার আরও দাবি করে যে, ২০২৩ সালের আগস্টে কারাবন্দী হওয়ার পর থেকে তার পরিবার, আইনজীবী ও চিকিৎসকরা মিলে তার সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তান সরকার ও প্রধান বিরোধী দলের টানাপোড়েন চলছে অনেক দিন ধরে। তবে তার যথাযথ চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ বিরোধী দলের রয়েছে তা বরাবরই অস্বীকার করে আসছে সরকার।

দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান। তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সব অভিযোগ অস্বীকার করে আসছে।