সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্টে ভারতের দাপুটে জয়
৬০০তম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখল ভারত। গলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ভারতের জয়ের মূল নায়ক বাঁহাতি স্পিনার মানব সুতার। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামিয়েছেন তিনি।
প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন ২৫ বছর বয়সী এই স্পিনার। ৫৫ রানে নেন ৬ উইকেট। তার ঘূর্ণিতে শেষ পর্যন্ত ২০৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ভারতের দেওয়া ৩৭২ রানের বিশাল লক্ষ্যও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় স্বাগতিকদের।
চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৮৪ রানে ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। শেষ দিনে সকালে আরও দুই উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৯৫ রান।
ডি সিলভা অবশ্য শুরুতেই একবার জীবন পেয়েছিলেন। নো-বলে আউট হওয়ার পর বেঁচে যান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ২০তম টেস্ট ফিফটিও তুলে নেন শ্রীলঙ্কান অধিনায়ক। তবে শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজার বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে সুধারের হাতেই ক্যাচ দেন তিনি। ৫৯ রানে থামে তার ইনিংস।
এরপর শ্রীলঙ্কার লোয়ার অর্ডারে ঝড় তোলেন সুতার। লাঞ্চের পর ট্রিপল-উইকেট মেডেন ওভার করে স্বাগতিকদের লেজে আগুন ধরিয়ে দেন তিনি। পরের ওভারেই কেশারা নুয়ান্থাকে ফিরিয়ে শেষ উইকেটটিও তুলে নেন।
শ্রীলঙ্কার শেষ চার উইকেট পড়ে মাত্র ৭ রানে, সবকটিই শিকার করেন সুতার। ৩৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে লড়াইটা সবচেয়ে বেশি করেছেন সোনাল দিনুশা। দুই ইনিংসেই দলের সর্বোচ্চ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেন ৮৪। ১২৮ বলের ধৈর্যশীল ইনিংসে মারেন ৮টি চার ও একটি ছক্কা। ভারতের স্পিনারদের বিপক্ষে দারুণ ফুটওয়ার্কে বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ধ্রুব জুরেলের হাতে ব্যাট-প্যাড ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ভারতের জয়ে সুতারের পাশাপাশি বড় অবদান রেখেছেন দেবদত্ত পাড়িক্কালও। চোটের কারণে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এই টপ-অর্ডার ব্যাটার ম্যাচে করেন ১৬৭ ও ৪৪ রান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে এবার দুই দল পাড়ি দেবে কলম্বোয়। ম্যাচটি শুরু হবে রোববার।