দ্বিতীয়বার ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার নেপথ্যের কারণ জানালেন রুট

স্পোর্টস ডেস্ক

বেন স্টোকসের অবসর আর ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্বে ফিরেছেন জো রুট। তবে এত দ্রুত নেতৃত্ব নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের টেস্ট কোচ হওয়া। রুট নিজেই স্বীকার করেছেন, ফ্লেমিং দায়িত্ব না নিলে হয়তো দ্বিতীয়বার অধিনায়ক হতে এতটা উৎসাহ পেতেন না।

আজ (২ আগস্ট) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী রুট বলেন, ‘একদম সত্যি বলতে, ফ্লেমিং কোচ হয়ে আসাই আমার দায়িত্ব নেওয়ার মূল কারণ। ক্রিকেট নিয়ে ওর ভাবনা, দলকে ঘিরে ওর পরিকল্পনা এবং আমাদের কোথায় পৌঁছানো উচিত—এসব নিয়ে ওর দৃষ্টিভঙ্গি আমাকে খুব রোমাঞ্চিত করেছে।’

খেলোয়াড় ও কোচ হিসেবে ফ্লেমিংয়ের দীর্ঘ অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রুট যোগ করেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে ও দারুণ সব কাজ করেছে। ওর অভিজ্ঞতা অপরিসীম। আমরা দুজনে মিলে বিশেষ কিছু গড়ে তোলার জন্য মুখিয়ে আছি।’

আইপিএলে দীর্ঘ ১৭ বছর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন শেষে সম্প্রতি পদত্যাগ করেন ফ্লেমিং। এরপরই তাকে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় ইসিবি। অন্যদিকে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডের পূর্ণাঙ্গ টেস্ট অধিনায়ক ছিলেন রুট। পরে তার স্থলাভিষিক্ত হন বেন স্টোকস।

স্টোকস ও ম্যাককালামের মেয়াদে ইংল্যান্ডের আগ্রাসী ‘ব্যাজবল’ ক্রিকেট বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। রুট ইঙ্গিত দিয়েছেন, নতুন কোচ ফ্লেমিংকে নিয়েও সেই আক্রমণাত্মক ধাঁচ ধরে রেখেই এগোতে চান তারা।

গত চার বছরের কথা মনে করিয়ে দিয়ে রুট বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে গত চার বছর আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। সবাই হয়তো একদম শেষের পারফরম্যান্সটাই মনে রাখে, কিন্তু এই সময়ে আমরা দল হিসেবে অনেক চমৎকার কাজ করেছি। অধিনায়ক হিসেবে সামনে এগোনোর ক্ষেত্রে ওই অভিজ্ঞতাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

আগামী ১৯ আগস্ট লিডসে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন জো রুট।