টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অমিত-হৃদয়ের অভিষেক
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমবার বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন তাওহিদ হৃদয়। চোটে লিটন দাস না থাকায় অভিষেক হয়েছে অমিত হাসানেরও।
রোববার হারারে টেস্টে টস হেরে ব্যাটিং পেয়ে অবশ্য কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, 'আগে বল করলাম না ব্যাট করলাম সেটা ম্যাটার করে না।'
শান্ত জানান, বাউন্স থাকা উইকেটে তিন পেসার ও একমাত্র স্পিনার নিয়ে খেলতে নামছেন তারা। ফলে একাদশে বিশেষজ্ঞ সাত ব্যাটার ও চার বোলার রেখেছে বাংলাদেশ।
এই টেস্টের জন্য স্কোয়াডে আসায় হৃদয়ের অভিষেক ছিলো অনুমিত। টিম ম্যানেজমেন্ট আগ্রাসী ব্যাটার হিসেবে তাকে টেস্ট খেলাতে চেয়েছিলো। এদিকে কাফ মাসলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ছিটকে যান লিটন দাস। নিয়মিত কিপার-ব্যাটারের অনুপস্থিতিতে সুযোগ মিলে অনেকদিন ধরে দলের সঙ্গে থাকা ঘরোয়া ক্রিকেটে ছন্দ দেখানো তরুণ ব্যাটার অমিতের।
হৃদয় ও অমিত যথাক্রমে বাংলাদেশের ১০৭ ও ১০৮তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষিক্ত হলেন।
স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। দলটিও একাদশ গড়েছে পেস বান্ধব। বিশেষজ্ঞ তিন পেসারের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার ব্র্যাড ইভান্সও।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্র্যান্ডন টেইলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া সিগা, ওয়েসলি মাধভেরে, ব্র্যাড ইভান্স, নিউমেন নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।