আইপিএল ২০২৬

ম্যাচে কথা কাটাকাটির পর হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি

স্পোর্টস ডেস্ক

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষে ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। শুক্রবার হায়দরাবাদে ম্যাচটি শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন এই ঘটনা ঘটে।

ম্যাচ শেষে প্রথা অনুযায়ী দুই দলের ক্রিকেটাররা যখন লাইনে দাঁড়িয়ে করমর্দন করছিলেন, তখন কোহলি হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে হাত মেলালেও হেডকে এড়িয়ে যান। হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি তার সঙ্গে হাত না মিলিয়ে লাইনে থাকা পরের ক্রিকেটারের দিকে এগিয়ে যান।

বেঙ্গালুরুর রান তাড়া করার সময়ও হেডের সঙ্গে কোহলিকে কিছু একটা বলতে দেখা গিয়েছিল। তবে তাদের মধ্যে ঠিক কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তা জানা যায়নি।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫৫ রান তোলে হায়দরাবাদ। জবাবে লিগ পর্বের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করতে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল অন্তত ১৬৬ রান, আর টেবিলের শীর্ষে ওঠার জন্য দরকার ছিল ১৭৮ রান। ম্যাচ জেতার চেয়ে এই লক্ষ্য পূরণকেই বেশি প্রাধান্য দেয় বেঙ্গালুরু এবং ৪ উইকেটে ২০০ রান করে। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লে-র শেষ ওভারে সাকিব হোসেনের বলে আউট হওয়ার আগে ১১ বলে ১৫ রান করেন কোহলি।

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগামী ২৬ মে ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে বেঙ্গালুরু। তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদ ২৭ মে নিউ চণ্ডীগড়ে খেলবে এলিমিনেটর ম্যাচ। প্লে-অফের চতুর্থ দলটি এখনো চূড়ান্ত হয়নি। লিগ পর্বে আর তিনটি ম্যাচ বাকি থাকতে সেই লড়াইয়ে টিকে আছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।