সিলেট টেস্ট

মুশফিক-লিটনের জুটিতে বড় লিডের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

আগের দিনের দেড়শো ছাড়ানো লিড নিয়ে নেমে শুরুতে নাজমুল হোসেন শান্তকে হারালেও দারুণ অবস্থানে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমের সাবলীল ব্যাটিংয়ে বড় লিডের পথে স্বাগতিক দল। 

সিলেট টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২০৩ রান তুলেছে বাংলাদেশ। ৬৬ বলে ৪৮ রান করে ক্রিজে আছেন লিটন, ৮০ বলে ৩৯ করে তার সঙ্গে ক্রিজে মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দুজনে অবিচ্ছিন্ন থেকে ৮৮ রান যোগ করেছেন তারা। লিড ইতোমধ্যে হয়েছে গেছে ২৪৯ রানের। 

সিলেটে বৃষ্টির শঙ্কা ছিলো প্রতিদিনই, তবে বৃষ্টি এখনো পর্যন্ত ম্যাচে বাগড়া দেয়নি। যদিও প্রতিদিনই দিনের কোন একটা সময় আকাশ থাকছে মেঘলা। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, দু'এক ফোটা বৃষ্টিও ঝরল। তবে খেলায় কোন প্রভাব পড়েনি। যদিও আগের রাতের বৃষ্টিতে ভারি আউটফিল্ডে বল থমকে যাচ্ছিলো বারবার। 

মেঘলা আকাশের নিচে সহায়ক কন্ডিশনে বল মুভ করাচ্ছিলেন পাকিস্তানি পেসাররা। ধারাবাহিক লেন্থে বল করে ভোগান্তি তৈরি করেন তারা। তাতেই একটা সময় কাবু হন নাজমুল হোসেন শান্ত। 

খুররম শাহজাদের অ্যারাউন্ড দ্য উইকেটে ভেতরে ঢোকা বল পায়ে লাগিয়ে এলবিডব্লিউ হন তিনি। ১১৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত বিদায় নেন ৪৬ বলে ১৫ করে। 

এরপরই দাঁড়িয়ে যায় মুশফিক-শান্তর জুটি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন শুরু থেকেই ছিলেন চনমনে। রান আনতে থাকেন ওয়ানডে গতিতে, ট্রেডমার্ক শটে বাউন্ডারির মারার পাশাপাশি প্রচুর প্রান্ত বদল করে খেলতে থাকেন তিনি। তুলনায় অনেকটা গুটিয়ে ছিলেন মুশফিক। প্রান্ত ধরে রেখে বোলারদের হতাশা বাড়াচ্ছেন তিনি।