পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে সাতে উঠল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিয়ে পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।
২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়ছিলো বাংলাদেশ। শুরুতে একদম তলানিতেই ছিল কয়েক বছর। পরে নয় নম্বরে হয় উত্তরণ। সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। ২০১৮ সালে প্রথমবার আট নম্বরে উঠে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিলো। তবে আটে বেশি থাকা হয়নি।
বিগত কয়েক বছরে নয় নম্বরেই ছিলো বাংলাদেশের অবস্থান। বুধবার সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ধাপ উন্নতি হয়েছে স্বাগতিকদের। পাকিস্তানের হয়েছে দুই ধাপ অবনতি। ছয় থেকে এখন আটে নেমে গেছে পাকিস্তান।
বাংলাদেশ নয় থেকে সাতে উঠায়, আট নম্বর থেকে নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। না খেলেই এক ধাপ উন্নতি হয়ে ছয়ে শ্রীলঙ্কা। টেস্ট র্যাঙ্কিংয়ে উপরের দলগুলোর অবস্থানের কোন বদল হয়নি। আগের মতই শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে ভারত, চারে ইংল্যান্ড। পাঁচ ও ছয়ে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের এই উত্তরণ অবশ্য অনুমিত। পাকিস্তানের বিপক্ষে ঘরে-বাইরে দুই সিরিজেই দাপট দেখিয়েছেন শান্তরা। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠেও এলো একই ফল। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দলের নাম হলো বাংলাদেশ।
এই জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১৫৫১। আটে থাকা পাকিস্তানের ১২০৫ রেটিং পয়েন্টের চেয়ে অনেকটাই এগিয়ে থাকল লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে। এই আসরের অনেকগুলো খেলা বাকি থাকলেও ইংল্যান্ড, ভারতকে টপকে এই মুহুর্তে পাঁচে অবস্থান বাংলাদেশের।