মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার লিগে একমাত্র অপরাজিত প্রাইম ব্যাংক

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টেবিলের শীর্ষে থাকা দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তিন উইকেটে হারিয়ে চলতি মৌসুমে একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা।

শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান তোলে মোহামেডান। ওপেনার মোহাম্মদ নাইম মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামেন ৯৯ রানে। ৯৭ বলে খেলা ইনিংসটি ছিল দুর্দান্ত লড়াকু। এছাড়া পারভেজ হোসেন ইমন করেন ৫২ রান এবং আফিফ হোসেন অপরাজিত থাকেন ৪৯ রানে।

৩০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে চাপে পড়লেও প্রাইম ব্যাংক শেষ পর্যন্ত পৌঁছে যায় জয়ের বন্দরে। ৪৯.১ ওভারে ৭ উইকেটে ৩০৭ রান তুলে তিন উইকেটের শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করে দলটি। জয়ের নায়ক ছিলেন শাহাদাত হোসেন দীপু। ১২৩ বলে ১০ চার ও ২ ছক্কায় খেলেন অনবদ্য ১১৮ রানের ইনিংস। শেষদিকে ২১ বলে অপরাজিত ৩৭ রান করে ম্যাচের ফিনিশিং টাচ দেন শামীম হোসেন। এই হারের মধ্য দিয়েই টুর্নামেন্টে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল মোহামেডান।

এই জয়ে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একক শীর্ষে উঠে গেছে প্রাইম ব্যাংক, আর তারাই এখন পর্যন্ত ডিপিএলের একমাত্র অপরাজিত দল।

এদিকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে চার উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। তবে জাকের আলীর ৪৩, মোসাদ্দেক হোসেনের ৫৭ এবং অপরাজিত ৫০ রান করা সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৯.২ ওভারে জয় নিশ্চিত করে দলটি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে বসুন্ধরা স্ট্রাইকার্স। আমিনুল ইসলাম বিপ্লবের ৮১ ও নাহিদুল ইসলামের ৬৩ রানের ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ক্রিকেটার্স অ্যাকাডেমিতে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। ৮৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে জয় এনে দেন তিনি।

বিকেএসপি-৪ নম্বর মাঠে আশিকুর রহমান শিবলীর ১৩০ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংসে গুলশান ক্রিকেট ক্লাবকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।

অন্যদিকে বিকেএসপি-৩ নম্বর মাঠে আব্দুল গাফ্ফার সাকলাইন ক্যারিয়ারসেরা ৬ উইকেটে ৩৭ রান নেওয়ার কীর্তি গড়েন। তার বোলিংয়ের পর সাদিকুর রহমানের অপরাজিত ১০৫ রানে ভর করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাহমুদুল হাসান ১৪৪ বলে ১০৬ রান করলেও তা শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। টুর্নামেন্টে টানা পঞ্চম হারের তিক্ত স্বাদ পেল দলটি।

এদিকে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নাসির হোসেন ও শুভাগত হোমের ১৪১ রানের জুটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে চার উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। নাসির অপরাজিত ৭৮ এবং শুভাগত করেন সমান ৭৮ রান।