মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরির পরও হারল আবাহনী

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে একাই লড়াই করলেন মোসাদ্দেক হোসেন। খেললেন চোখধাঁধানো রেকর্ড এক সেঞ্চুরি। কিন্তু তার সেই দুর্দান্ত ইনিংসও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে দলটি।

বৃহস্পতিবার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে বৃষ্টিবিঘ্নিত ২৭ ওভারের ম্যাচে সিটি ক্লাবের কাছে দুই উইকেটের নাটকীয় হারে মাথা নত করে আবাহনী।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন মোসাদ্দেক। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে একই কীর্তি গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। মোসাদ্দেকের ৫০ বলের অপরাজিত ১০১ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও ১০টি বিশাল ছক্কা।

তার সঙ্গে ওপেনার জিশান আলম খেলেন ৪৪ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস। এই দুজনের ব্যাটে ভর করে ২৭ ওভারে পাঁচ উইকেটে ২০৯ রান তোলে আবাহনী।

তবে রান তাড়ায় দারুণ জবাব দেয় সিটি ক্লাব। মেহেদি মারুফ ৫৬ বলে ৭১ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। শেষদিকে মোহাম্মদ এনামুল মাত্র সাত বলে ২২ এবং আব্দুল গাফফার সাকলাইন ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর তাহজিবুল ইসলাম অপরাজিত ৪০ রানে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৫.৪ ওভারে আট উইকেট হারিয়ে ২১০ রান তুলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় সিটি ক্লাব।

এদিকে নিজেদের জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

তাইবুর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডান পাঁচ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্যাট হাতে ৭৪ রান করার পাশাপাশি তাইবুর বল হাতেও নেন দুটি উইকেট।

অন্যদিকে মুনিম শাহরিয়ারের ৫৮ বলে ৯২ রানের ঝড়ো ইনিংসে ভর করে গাজী গ্রুপ ১৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।

বিকেএসপি-৩ নম্বর মাঠে সামিউন বাশার অপরাজিত ১১৬ রান করার পাশাপাশি তিন উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের ৮৩ রানের জয় নিশ্চিত করেন বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে।

এছাড়া শাহাদাত হোসেন দীপুর ৬৬ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে প্রাইম ব্যাংক ৩২ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে।

দিনের অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৩১ রানে হারিয়েছে ঢাকা লেপার্ডসকে। যানজটের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে শুরু হয়েছিল।