চড়া দামের ভারেই কি কাবু পান্ত?

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রিশভ পান্তের ছন্দহীন অবস্থায় ভুগছে তার দল। প্রশ্ন উঠছে বিপুল মূল্যের কারণেই কি তবে চাপটা নিতে পারছেন না পান্ত? তবে প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, বিশাল দামের চাপে এই খেলোয়াড় মোটেও নুয়ে পড়েননি।

২০২৪ সালে লখনউ বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় ৪০ কোটি টাকায় দলে নেয় পান্তকে। আকাশচুম্বী মূল্যে এই উইকেটরক্ষক-ব্যাটারকে পরের মৌসুমেও ধরে রাখে তারা।  যদিও এবারের আসরটি লখনউয়ের জন্য বেশ খারাপ কাটছে।

সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটের পরাজয় ছিল লখনউয়ের টানা ষষ্ঠ হার। এর ফলে ১০ দলের লিগে পয়েন্ট তালিকার তলানিতে আটকে গেছে তারা, আর প্লে-অফে ওঠার আশাও এখন বেশ ফিকে।

অস্ট্রেলিয়ান কোচ ল্যাঙ্গার সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় না এর সঙ্গে টাকার কোনো সম্পর্ক আছে।’

তিনি আরও যোগ করেন, ‘নেতৃত্ব একটি কঠিন জায়গা... সে দলের হয়ে অনেক চাপের ভার বহন করছে। আমাদের সবার মতো সে-ও ৯৮ শতাংশ সময় মুখে হাসি রেখে এটি করে থাকে। সত্যি বলতে, বাকি ২ শতাংশ সময় সামলানোই কঠিন। তবে সে প্রতিনিয়ত চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করছে। মৌসুমের শুরুর দিকে সে একটি ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিল। আমি ওকে হাসিমুখে সেই চেনা বিধ্বংসী মেজাজে খেলতে দেখতে ভালোবাসি।’

৯টি ইনিংস থেকে পান্তের সংগ্রহ ১২৮.৩০ স্ট্রাইক রেটে মাত্র ২০৪ রান, যা তার মতো মানের একজন ব্যাটারের জন্য বেশ হতাশাজনক।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে নিকোলাস পুরানকে তিন নম্বরে সুযোগ দিতে পান্ত নিজে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নেমেছিলেন। ল্যাঙ্গার মনে করেন, পান্ত তার চেনা ছন্দে ফিরে আসার খুব কাছেই আছেন।

ল্যাঙ্গার বলেন, ‘সে নিঃস্বার্থভাবে ব্যাটিং অর্ডারে নিচে নেমেছে... যাতে নিকি পি (পুরান) তিনে খেলতে পারে। রিশভ বড় স্কোরের খুব কাছেই আছে।’

দলের বিপর্যয়ে অধিনায়কের পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘সে দারুণ। আইপিএলে একজন অধিনায়ক বা কোচ হিসেবে আপনাকে বারবার ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ের সামনে আসতে হয়, তাই না? এর বাইরে আপনার কিছু করার নেই। সে লড়াই চালিয়ে যাবে এবং আশা করি আগামী কয়েকটি ম্যাচে সে আমাদের কিছু জয় এনে দিতে সাহায্য করবে।’

মুম্বাইয়ের বিপক্ষে লখনউ ২১৮-৫ রানের বড় সংগ্রহ পেলেও সেই পুঁজি রক্ষা করতে পারেনি। ম্যাচ শেষে পান্ত বলেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে অবশ্যই আরও বেশি রান করা উচিত ছিল। আমাদের আরও ১০-১৫ রান কম হয়েছে। শুরুতে আমরা তাদের চেয়ে সুবিধাজনক অবস্থানে ছিলাম।’