৮ ম্যাচে বুমরাহর ২ উইকেট: স্লোয়ার বলের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন শ্রীকান্ত

স্পোর্টস ডেস্ক

আইপিএলের চলমান মৌসুমে ভারতের জসপ্রিত বুমরাহর নিষ্প্রভ পারফরম্যান্সের পেছনে একটি উদ্বেগজনক কৌশলগত ত্রুটির দিকে আঙুল তুলেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এবারের আসরে আট ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ডানহাতি পেসার বুমরাহ মাত্র দুটি উইকেট পেয়েছেন।

বছরের পর বছর ধরে মুম্বাইয়ের অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ-উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বুমরাহ। দারুণ সফল আইপিএল ক্যারিয়ারে ১৮৫ উইকেটের মালিক ৩২ বছর বয়সী এই বোলার এবার অস্বাভাবিকভাবে বিবর্ণ এক মৌসুম পার করছেন। উইকেট পেতে রীতিমতো সংগ্রাম করছেন তিনি। প্রথম পাঁচ ম্যাচে উইকেটশূন্য থাকার পর গত ২০ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের ৯৯ রানের জয়ের ম্যাচে খরা কাটিয়ে প্রথম উইকেটের দেখা পান তিনি।

বুমরাহ অনুজ্জ্বল থাকার পাশাপাশি মুম্বাইও ধারাবাহিকতার অভাবে ভুগছে। গত বুধবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে এই মৌসুমে তারা ষষ্ঠ পরাজয়ের স্বাদ পেয়েছে। সেই ম্যাচে ফের উইকেটশূন্য থাকা বুমরাহ চার ওভারে ৫৪ রান দেন, যা তার এই খারাপ সময়কে আরও স্পষ্ট করে তোলে।

নিজের ইউটিউব চ্যানেলে পরিস্থিতি বিশ্লেষণ করে শ্রীকান্তের মত, বুমরাহর অতিরিক্ত স্লোয়ার ডেলিভারি দেওয়ার প্রবণতা তার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে— বিশেষ করে নতুন বলে। তিনি বলেছেন, 'এমনকি বুমরাহও অতিরিক্ত স্লোয়ার বল করেছে। আপনার হাতে নতুন বল আছে এবং সামনে দুজন বাঁহাতি ব্যাটার। তাদেরকে এজ (উইকেটের পেছনে ক্যাচ তুলে) করিয়ে আউট করার চেষ্টা করুন। নতুন বলে বুমরাহর এত বেশি স্লোয়ার ডেলিভারি দেওয়ার কোনো মানেই হয় না।'

বুমরাহর এই কৌশলের সাথে শ্রীকান্ত রাজস্থান রয়্যালসের গতিময় পেসার জোফ্রা আর্চারের তুলনা করেছেন। তার দৃষ্টিতে, আর্চার সম্প্রতি পূর্ণ গতিতে বল করা এবং আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখার সুফল পাচ্ছেন।

শ্রীকান্ত যোগ করেছেন, 'গত কয়েক ম্যাচে আর্চার কী করার চেষ্টা করছে, সেটি দেখুন। সে পূর্ণ শক্তিতে বল করছে এবং ব্যাটারদের এজ করিয়ে উইকেটরক্ষকের হাতে বা স্লিপে ক্যাচ বানানোর চেষ্টা করছে। বুমরাহরও ঠিক এটাই করার চেষ্টা করা উচিত।'

বুমরাহর সাম্প্রতিক আইপিএল পরিসংখ্যান তার আগের মৌসুমের সম্পূর্ণ বিপরীত। গত মৌসুমে মুম্বাইকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে-অফে নিয়ে যাওয়ার পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যদিও সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা পাঞ্জাব কিংসের কাছে হেরে যায়। ওই আসরে তিনি ১২ ম্যাচে ১৭.৫৬ গড় ও ৬.৬৮ ইকোনমি রেটে ১৮টি উইকেট নিয়েছিলেন।

শ্রীকান্তর ধারণা, বুমরাহর ছন্দহীনতার পেছনে ক্লান্তি একটি কারণ হতে পারে। তবে তিনি সময়ের অন্যতম সেরা এই পেসারকে এককভাবে দোষারোপ করতে নারাজ, 'বুমরাহ তার বলে একদমই সেই চেনা তীক্ষ্ণতা পাচ্ছে না। একটি ডেলিভারিও বিপজ্জনক মনে হয়নি। হয়তো সে ক্লান্ত, তাই আমি তাকে দোষ দিচ্ছি না। তবে সে যে তার সেরা ফর্মে নেই, তা স্পষ্ট। সে অনেক চেষ্টা করছে, কিন্তু তাকে খুবই সাধারণ মনে হচ্ছে।'

এতকিছুর পরও মুম্বাইয়ের সাপোর্ট স্টাফরা বুমরাহর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। হায়দরাবাদের বিপক্ষে সবশেষ হারের পর তার পাশে দাঁড়িয়েছেন ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। তিনি জোর দিয়ে বলেছেন, ফর্মে ভাটা পড়া যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারেরই অংশ।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার পোলার্ডের ভাষ্য, 'আমরা দুর্ভাগা যে, আমাদের সব সময় সাধারণ মানুষের নজরে থাকতে হয়। তাই যখন আমরা খারাপ করি, তখন সেটা সব সময় বড় করে তুলে ধরা হয়। কিন্তু সাধারণ মানুষ যারা চাকরি করে, তারা যদি ভুল ই-মেইল পাঠায়, তবে তাদের কাছে সেই লেখা এডিট করার সুযোগ থাকে। আমাদের সেই সুযোগ নেই। তাই আপনি যখন ভালো করছেন না, তখন কিছু বিষয় মেনে নেওয়াটাই যৌক্তিক। আর ব্যক্তি বুমরাহকে আমি চিনি। আমি জানি, সে আরও দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং উইকেট তুলে নেবে।'