মিরপুরে বৃষ্টি বাগড়া, আপাতত বন্ধ খেলা
শঙ্কাটা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত অনুমিতভাবেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার নির্ধারিত সময়েই মাঠে গড়ায় ম্যাচটি। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৬.৪ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি শুরু হয়। খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫০ রান।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানে জেইডন লেনক্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ২ বাউন্ডারিতে তার সংগ্রহ ছিল ১৬ রান। এরপর স্কোরবোর্ডে আর ১৪ রান যোগ হতেই নাথান স্মিথের বলে বোল্ড হয়ে ফিরে যান আরেক ওপেনার তানজিদ হাসানও (৬)।
বড় ধাক্কাটা আসে ঠিক পরের বলেই। স্মিথের বলে ইশ সোধির হাতে ক্যাচ দিয়ে শূন্য হাতেই প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন। মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন এক প্রান্ত আগলে রেখে সাবলীল ব্যাটিং করছিলেন অধিনায়ক লিটন দাস। বৃষ্টি নামার আগে ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গী তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন ২ রানে।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।