‘খেলোয়াড়ের দাম দেখে দল সাজানো উচিত নয়’, গ্রিনকে নিয়ে ফিঞ্চের কড়া মন্তব্য
‘দলে সুযোগ পাওয়া উচিত সামর্থ্যের ওপর ভিত্তি করে, দাম দেখে নয়’—কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অগোছালো পরিকল্পনা নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ঝাড়লেন সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মূলত ক্যামেরন গ্রিনকে তার নিয়মিত পজিশনের বাইরে ৬ নম্বরে খেলানো এবং পাওয়ারপ্লের পর ব্যাটিংয়ে মন্থর গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আইপিএল ২০২৬-এ কেকেআরের অবস্থা এখন শোচনীয়। পাঁচ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি কলকাতা। বৃষ্টির কারণে পরিত্যক্ত এক ম্যাচ থেকে পাওয়া মাত্র ১ পয়েন্টই এখন তাদের একমাত্র সম্বল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করা ম্যাচটি ছাড়া বাকি কোনো ম্যাচেই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি দলটি।
দলের পেস আক্রমণ ছন্নছাড়া, ফর্মে নেই মূল স্পিনারদের একজন। ব্যাটিংয়েও নেই সেই চেনা বিধ্বংসী রূপ। মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে সুনীল নারিনকে দিয়ে ইনিংস শুরু করানোটা কিছুটা ইতিবাচক মনে হলেও, মিডল অর্ডারের ব্যর্থতায় সেটি ঢাকা পড়ে গেছে। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অজিঙ্কা রাহানে ও আঙ্গকৃষ রঘুবংশীর জুটি ৩১ বলে ৫০ রান করলেও তাদের ব্যাটিংয়ে আগ্রাসনের অভাব স্পষ্ট ছিল।
ইএসপিএনক্রিকইনফোর এক আলোচনায় ফিঞ্চ বলেন, ‘কেকেআরের কৌশলগুলো মোটেও সুবিধার নয়। বিশেষ করে রান তাড়া করার সময় তাদের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন আছে। নারিনকে ওপেনিংয়ে নামানোর সিদ্ধান্ত ভালো ছিল, যদিও তা কাজে আসেনি। কিন্তু অন্য সিদ্ধান্তগুলো ছিল একেবারেই অদ্ভুত।’
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপির চড়া দামে কেনা এই অজি অলরাউন্ডারকে ৬ নম্বরে নামানো হচ্ছে, যা তাঁর নিয়মিত পজিশন নয়। গ্রিন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬৮ ইনিংসের মধ্যে মাত্র ৯ বার এই পজিশনে খেলেছেন। ফিঞ্চ মনে করেন, দামি খেলোয়াড় বলেই তাকে সব ম্যাচে খেলাতে হবে—এই মানসিকতা থেকে বের হওয়া জরুরি।
ফিঞ্চের মতে, ‘নিলামের দাম দিয়ে কখনোই দল নির্বাচন করা উচিত নয়। গ্রিন স্পিনের বিপক্ষে খেলতে ধুঁকছেন। অথচ সাইডবেঞ্চে টিম সিফার্টের মতো বিশেষজ্ঞ ওপেনার বসে আছেন, যিনি দারুণ ফর্মে আছেন। কেকেআরের উচিত এখন দামের মায়া ত্যাগ করে দল পুনর্গঠন করা।’
কেকেআরের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার, আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সেই ম্যাচে একাদশে বড় কোনো পরিবর্তন আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।