অনাপত্তিপত্র পেলেন পাথিরানা, যোগ দিচ্ছেন কলকাতায়

স্পোর্টস ডেস্ক

পেসার মাথিশা পাথিরানা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে চলমান আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিতে আর কোনো বাধা নেই তার। এই ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে ভারত ভ্রমণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রোববার জানতে পেরেছে যে, পাথিরানা তার চোট থেকে যথেষ্ট পরিমাণে সেরে উঠেছেন। আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতার ম্যাচের দিনই দলের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেকেআরের মেডিকেল টিম তাকে ফিট ঘোষণা না করা পর্যন্ত তিনি একাদশে থাকার জন্য বিবেচিত হবেন না। সবকিছু ঠিক থাকলে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ থেকে তাকে খেলতে দেখা যাবে।

টানা তিন হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বর্তমানে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতার জন্য এই খবরটি একটি বড় স্বস্তি। চার ম্যাচে তাদের অর্জন স্রেফ ১ পয়েন্ট। উল্লেখ্য, পাথিরানার সাবেক দল চেন্নাই সুপার কিংস (সিএসকে), যারা আগামী ১৪ এপ্রিল কেকেআরের পরবর্তী প্রতিপক্ষ, ইতোমধ্যেই পয়েন্ট টেবিলে তাদেরকে ছাড়িয়ে গেছে। চার ম্যাচ খেলে সিএসকেএ পেয়েছে ২ পয়েন্ট।

চলতি আইপিএলে কেকেআরের জন্য এখন পর্যন্ত খুব একটা ভালো কিছু ঘটেনি। বিশেষ করে, হার্ষিত রানা ও আকাশ দীপের চোটের কারণে ছিটকে যাওয়া, ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং মূল স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম হারানোর ফলে তাদের বোলিং বিভাগ দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২০ রানের পুঁজি রক্ষা করতে ব্যর্থ হয়েছিল কলকাতা। এরপর সানরাইজার্স হায়দরাবাদের কাছে তারা ৬৫ রানে হারে। এমনকি গত বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও ডেথ ওভারে বোলিং বিপর্যয়ের কারণে পরাজয় মানতে হয় তাদের।

গত বছর অনুষ্ঠিত নিলামে ১৮ কোটি ভারতীয় রুপিতে পাথিরানাকে কেনে কলকাতা। এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পায়ের পেশির চোটে পড়ায় তার আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো মিস করা আগে থেকেই অনুমেয় ছিল। গত ২০ মার্চ জানা গিয়েছিল যে, তিনি বড়জোর এপ্রিলের মাঝামাঝি সময়ে কেকেআরে যোগ দিতে পারবেন। তবে পাথিরানার যোগদান নির্ভর করছিল এনওসি পাওয়ার ওপর, যার জন্য এসএলসি সংশ্লিষ্ট খেলোয়াড়কে ফিটনেস পরীক্ষায় পাস করার শর্ত দেয়।

লঙ্কান বোর্ডের গত ৬ এপ্রিলের আপডেট অনুযায়ী, পাথিরানা তখনও ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। তার পরিস্থিতি ছিল জাতীয় দলের সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গার মতোই, যিনি নিজেও টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন। গত বৃহস্পতিবার এসএলসির দেওয়া সবশেষ আপডেটে জানানো হয়েছে, লেগ স্পিনার হাসারাঙ্গা এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন।